Psalms 48
48:1 আমাদের ঈশ্বরের শহরে, তাঁর পবিত্র পাহাড়ে, সদাপ্রভু মহান ও সবচেয়ে বেশী প্রশংসার যোগ্য।
48:2 ঈশ্বরের বাসস্থান ঐ সিয়োন পাহাড়, উঁচুতে স্থাপিত মহান রাজার ঐ শহর দেখতে সুন্দর; সারা দুনিয়াকে তা আনন্দ দেয়।
48:3 সেই শহরের রাজবাড়ীর দালান-কোঠায় ঈশ্বর নিজেকে দুর্গ হিসাবে প্রকাশ করেছেন।
48:4 রাজারা তাদের সৈন্যদল জড়ো করে একসংগে এগিয়ে গেল;
48:5 তারা সেই শহরটাকে দেখে আঁত্কে উঠল আর ভীষণ ভয়ে পালিয়ে গেল।
48:6 ভয়ে সেখানে তাদের কাঁপুনি ধরে গিয়েছিল আর প্রসবকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা হয়েছিল।
48:7 যেমন করে জোরালো পূবের বাতাস দিয়ে তিনি বড় বড় তর্শীশ-জাহাজ ভেংগে ফেললেন, তেমনি করেই তিনি তাদের ধ্বংস করলেন।
48:8 সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর শহরের মধ্যে থেকে, আমাদের ঈশ্বরের শহরের মধ্যে থেকে আমরা যা শুনেছি চোখেও তা-ই দেখলাম; দেখলাম তিনি শহরটা চিরকালের জন্য স্থাপন করবেন।
48:9 হে ঈশ্বর, তোমার ঘরের মধ্যে তোমার অটল ভালবাসার কথা আমরা ধ্যান করেছি।
48:10 হে ঈশ্বর, তোমার বিষয় যেমন সব মানুষ জানে তেমনি তোমার প্রশংসা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত আছে; তোমার ডান হাত ন্যায় কাজ করার শক্তিতে পরিপূর্ণ।
48:11 তোমার ন্যায়বিচার দেখে সিয়োন পাহাড় খুশী হোক আর যিহূদার গ্রামগুলো আনন্দ করুক।
48:12 হে যিহূদার লোকেরা, তোমরা সিয়োনের চারপাশ দিয়ে ঘুরে এস, তার দুর্গগুলো গুণে দেখ;
48:13 তার চারপাশের দেয়ালগুলো লক্ষ্য কর, তার রাজবাড়ীর দালান-কোঠা ঘুরে দেখ, যেন সেই সব কথা তোমাদের সন্তানদের কাছে বলে যেতে পার।
48:14 এই ঈশ্বরই আমাদের চিরকালের ঈশ্বর; তিনি আমাদের মৃত্যু পর্যন্ত পথ দেখিয়ে যাবেন।