Psalms 5
5:1 হে সদাপ্রভু, আমার কথায় কান দাও, আমার অন্তরের আকুলতা দেখ।
5:2 হে আমার রাজা, হে আমার ঈশ্বর, তোমার সাহায্যের জন্য আমার কান্না তুমি শোন, কারণ আমি তোমারই কাছে প্রার্থনা করছি।
5:3 হে সদাপ্রভু, প্রতিদিন সকাল বেলায় তুমি আমার কথা শুনতে পাও। সকাল বেলায় আমি তোমার সামনে আমার প্রার্থনার ডালি সাজিয়ে রাখি আর আশা নিয়ে চেয়ে থাকি।
5:4 হে ঈশ্বর, তুমি অন্যায়ে আনন্দিত হওয়ার ঈশ্বর নও; মন্দ লোকেরা তোমার সামনে থাকতে পারে না।
5:5 যারা গর্বিত তারা তোমার সামনে দাঁড়াতে পারে না; যারা মন্দ কাজ করে বেড়ায় তাদের তুমি অগ্রাহ্য কর।
5:6 যারা মিথ্যা কথা বলে তাদের তুমি ধ্বংস কর; যাদের মধ্যে খুনীর এবং ছলনাকারীর মনোভাব রয়েছে সদাপ্রভু তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন।
5:7 কিন্তু আমি তোমার অসীম করুণার দরুন তোমার ঘরে ঢুকব, তোমার পবিত্র বাসস্থানের দিকে চেয়ে ভক্তির সংগে আমার মাথা নীচু করব।
5:8 হে সদাপ্রভু, আমার অনেক শত্রু রয়েছে বলে তোমার ন্যায়ের পথে তুমি আমাকে পরিচালনা কর; তোমার পথ আমার সামনে সোজা করে দাও।
5:9 আমার শত্রুদের কোন কথা বিশ্বাস করা যায় না, ওদের অন্তরে আছে ধ্বংসের মনোভাব, ওদের মুখ যেন খোলা কবর, জিভ্ দিয়ে ওরা খোশামোদের কথা বলে।
5:10 হে ঈশ্বর, তুমি ওদের দোষী বলে ঘোষণা কর; ওদের কুমতলবে ওদেরই সর্বনাশ হোক। ওদের অসংখ্য অপরাধের জন্য তুমি ওদের তাড়িয়ে দাও, কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
5:11 কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা আনন্দিত হোক, তারা আনন্দে চিরকাল গান করুক; তাদের তুমি রক্ষা কর, যেন তোমাকে যারা ভালবাসে তারা তোমাকে নিয়েই আনন্দ লাভ করে।
5:12 হে সদাপ্রভু, যারা তোমার ভক্ত তাদের উপর সত্যিই তোমার আশীর্বাদ রয়েছে; তোমার দয়া দিয়ে তুমি তাদের ঢালের মত করে ঘিরে রেখেছ।