Psalms 6
6:1 হে সদাপ্রভু, ক্রোধের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না; অসন্তুষ্ট হয়ে আমাকে শাসন কোরো না।
6:2 হে সদাপ্রভু, তুমি আমার প্রতি দয়া কর, কারণ আমি দুর্বল। হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর, কারণ ভয়ে আমার হাড়ে কাঁপুনি ধরেছে,
6:3 আর প্রাণেও লেগেছে ভীষণ ভয়। হে সদাপ্রভু, আর কতকাল তা চলবে?
6:4 হে সদাপ্রভু, আমার দিকে ফেরো, আমাকে উদ্ধার কর; তোমার অটল ভালবাসার দোহাই, আমাকে রক্ষা কর।
6:5 মরে গেলে তোমাকে স্মরণ করা যায় না; মৃতস্থানে কে তোমার গৌরব করবে?
6:6 আমি কোঁকাতে কোঁকাতে ক্লান্ত হয়ে পড়েছি; সারা রাত কেঁদে কেঁদে আমি বিছানা ভিজাই, চোখের জলে আমার খাট ভাসাই।
6:7 দুঃখে আমার দেখবার শক্তিও কমে গেছে; শত্রুদের কারণে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে।
6:8 হে মন্দ কাজ করে বেড়ানো লোকেরা, তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাও, কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন।
6:9 আমার দয়া-ভিক্ষায় সদাপ্রভু সাড়া দিয়েছেন, আমার প্রার্থনা তিনি গ্রাহ্য করেছেন।
6:10 আমার শত্রুরা সব লজ্জিত হবে এবং ভয় পাবে; তারা ফিরে যাবে, হঠাৎ লজ্জায় পড়বে।