Library · bn

Psalms 51

51:1 হে ঈশ্বর, তোমার অটল ভালবাসার জন্য আমার প্রতি দয়া কর; তোমার অসীম করুণার জন্য তোমার প্রতি আমার সব বিদ্রোহ ক্ষমা কর। 51:2 আমার সব অন্যায় তুমি ধুয়ে ফেল; আমার পাপ থেকে আমাকে শুচি কর। 51:3 আমার সব বিদ্রোহের কথা আমার চেতনায় রয়েছে; আমার পাপ সব সময় আমার মনে রয়েছে। 51:4 তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি আর তোমার চোখে যা খারাপ তা-ই করেছি। কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত। 51:5 হ্যাঁ, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি; পাপের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম। 51:6 তুমি অন্তরের মধ্যে সত্য দেখতে চাও; তুমিই আমার অন্তরের গভীরে জ্ঞান দাও। 51:7 এসোব গাছের ডাল দিয়ে তুমি আমাকে শুচি কর, তাতে আমি শুচি হব; আমাকে ধূয়ে নাও, তাতে আমি ধব্‌ধবে সাদা হব। 51:8 আমাকে খুশীর আওয়াজ ও আনন্দধ্বনি শুনতে দাও; তোমার চুরমার করা আমার এই হাড়গুলো আনন্দ করুক। 51:9 তুমি আমার পাপের দিকে চেয়ে দেখো না; আমার সমস্ত অন্যায় তুমি ক্ষমা কর। 51:10 হে ঈশ্বর, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি কর; আমার মন আবার স্থির কর। 51:11 তোমার সামনে থেকে আমাকে দূর করে দিয়ো না; আমার মধ্য থেকে তোমার পবিত্র আত্মাকে নিয়ে যেয়ো না। 51:12 তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আমাকে আবার দাও; তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল কর। 51:13 তাহলে আমি তোমার পথ সম্বন্ধে বিদ্রোহীদের শিক্ষা দিতে পারব, আর পাপীরা ঘুরে তোমার দিকে ফিরবে। 51:14 হে ঈশ্বর, আমার উদ্ধারকর্তা ঈশ্বর, খুনের দায় থেকে তুমি আমাকে বাঁচাও; তাতে আমার মুখ থেকে তোমার ন্যায্যতার গান বেরিয়ে আসবে। 51:15 হে প্রভু, আমার মুখ খুলে দাও, আমি তোমার প্রশংসা প্রচার করব। 51:16 পশু-উৎসর্গে তো তুমি খুশী হও না, হলে আমি তা করতাম; পোড়ানো-উৎসর্গেও তুমি সন্তুষ্ট হও না। 51:17 ভাংগাচোরা অন্তরই ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ; হে ঈশ্বর, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না। 51:18 তোমার মংগল ইচ্ছায় তুমি সিয়োনের মংগল কর; তুমি যিরূশালেমের দেয়াল তোলার কাজ চালিয়ে যাও। 51:19 তাহলে যোগ্য মনোভাব নিয়ে করা উৎসর্গের অনুষ্ঠানে, পোড়ানো-উৎসর্গে আর নিঃশেষে পোড়ানো-উৎসর্গে তুমি আনন্দ পাবে, আর তোমার বেদীর উপরে লোকে ষাঁড় উৎসর্গ করবে।