Psalms 52
52:1 ওহে শক্তিশালী যোদ্ধা, কেন তুমি মন্দ বিষয় নিয়ে গর্ব করছ? ঈশ্বরের অটল ভালবাসার তো শেষ নেই।
52:2 তোমার জিভ্ দিয়ে ধ্বংসের পরিকল্পনার কথা বেরিয়ে আসছে; হে ছলনাকারী, তোমার জিভ্ যেন শান দেওয়া ক্ষুর।
52:3 তুমি ভালোর চেয়ে মন্দ ভালবাস, আর ভালবাস সত্যের চেয়ে মিথ্যা কথা বলা। [সেলা]
52:4 ওহে ছলনাকারী জিভ্, যে কথা ধ্বংস আনে তুমি তা-ই পছন্দ কর।
52:5 কিন্তু ঈশ্বর তোমাকে চিরদিনের জন্য ধ্বংস করবেন; তিনি তোমাকে টেনে আনবেন, তোমার তাম্বু থেকে ছিনিয়ে আনবেন, জীবিতদের দেশ থেকে তোমাকে উপ্ড়ে ফেলবেন। [সেলা]
52:6 এ সব দেখে ঈশ্বরভক্তদের প্রাণে ভক্তিপূর্ণ ভয় জাগবে; তারা তোমাকে ঠাট্টা করে বলবে,
52:7 “ঐ দেখ, ঐ লোকটি ঈশ্বরকে তার আশ্রয়-দুর্গ করে নি; তার প্রচুর ধন-সম্পদের উপর সে নির্ভর করেছে আর মন্দ কামনা-বাসনার শক্তি দিয়ে নিজেকে শক্তিশালী করেছে।”
52:8 কিন্তু আমি ঈশ্বরের ঘরে বাড়তে থাকা জলপাই গাছের মত; আমি সব সময় ঈশ্বরের অটল ভালবাসার উপর নির্ভর করে থাকি।
52:9 তুমি যা করেছ তার জন্য চিরকাল আমি তোমার গৌরব করব; তুমি মংগলময় বলে তোমার ভক্তদের সামনে আমি তোমার অপেক্ষায় থাকব।