Psalms 55
55:1 হে ঈশ্বর, আমার প্রার্থনায় কান দাও; আমার মিনতির সামনে তুমি নিজেকে লুকিয়ে রেখো না।
55:2 আমার দিকে দেখ, আমাকে উত্তর দাও; আমার শত্রুর কথার বিষে আর দুষ্টদের অত্যাচারে আমি দুর্দশায় অস্থির হয়েছি এবং কোঁকাচ্ছি। তাদের মন্দ কাজ দ্বারা তারা আমার উপর বিপদ ডেকে এনেছে, আর রাগে আমার উপর অত্যাচার করেছে।
55:4 এতে আমার অন্তর মোচড় দিয়ে উঠছে; মৃত্যুর ভয় আমাকে পেয়ে বসেছে।
55:5 আমাকে ভয় আর কাঁপুনিতে ধরেছে; ভীষণ ভয়ে আমি ডুবে আছি।
55:6 আমি বলেছি, “হায়, যদি পাখীর মত আমার ডানা থাকত! তবে আমি উড়ে গিয়ে বিশ্রাম পেতাম।
55:7 হ্যাঁ, তাহলে আমি অনেক দূরে চলে যেতাম, আর এক নিরালা জায়গায় গিয়ে থাকতাম। [সেলা]
55:8 আমার আশ্রয়-স্থানে আমি ছুটে যেতাম, ঝোড়ো বাতাস থেকে দূরে চলে যেতাম।”
55:9 হে প্রভু, তুমি তাদের উপর ধ্বংস নিয়ে এস, তাদের ভাষায় গোলমাল লাগিয়ে দাও; আমি শহরে মারামারি আর ঝগড়া-বিবাদ দেখতে পাচ্ছি।
55:10 তারা যেন কিসের খোঁজে দিনরাত শহরের দেয়ালের উপর ঘুরে বেড়ায়। দুষ্টতা আর অন্যায় কাজ শহরের মধ্যে চলছে।
55:11 তার মধ্যে চলছে ধ্বংসের কাজ; অত্যাচার আর ছলনার কাজ শহরের চকে লেগেই আছে।
55:12 যে আমাকে অপমান করছে সে যে আমার শত্রু তা নয়, তাহলে আমি সহ্য করতে পারতাম; যে আমার চেয়ে নিজেকে বড় করছে সে যে আমার বিপক্ষের লোক তা নয়, তাহলে আমি তার কাছ থেকে লুকাতাম।
55:13 কিন্তু তা করেছ তুমি, আমারই সমান একজন মানুষ, আমার অন্তরের সাথী, আমার ঘনিষ্ঠ বন্ধু।
55:14 আমাদের মধ্যে গভীর যোগাযোগ-সম্বন্ধ ছিল; ঈশ্বরের ঘরে উপাসনাকারী দলের মধ্যে আমরা একসংগে হাঁটা-চলা করতাম।
55:15 আমার শত্রুদের উপর হঠাৎ মৃত্যু আসুক; তারা জীবিত অবস্থায় মৃতস্থানে নেমে যাক, কারণ তাদের ঘর-বাড়ীতে ও তাদের অন্তরে মন্দতা রয়েছে।
55:16 কিন্তু আমি ঈশ্বরকে ডাকব, আর সদাপ্রভু আমাকে উদ্ধার করবেন।
55:17 সন্ধ্যায়, সকালে আর দুপুরে আমি কাতর স্বরে আমার নালিশ জানাতে থাকব, আর তিনি আমার স্বর শুনবেন।
55:18 যে যুদ্ধ আমার বিরুদ্ধে চলছিল তাতে আমার বিপক্ষের দল বড় ছিল, তাই তিনি আমাকে ছাড়িয়ে এনে নিরাপদে রেখেছেন।
55:19 ঈশ্বর, যিনি প্রথম থেকেই সিংহাসনে আছেন তিনি শুনবেন এবং তাদের শাস্তি দেবেন। [সেলা] তাদের মনে কোন পরিবর্তন নেই, ঈশ্বরের প্রতি ভয়ও নেই।
55:20 আমার সেই বন্ধুর সংগে যারা শান্তিতে ছিল তাদের উপরেও সেই বন্ধু হাত উঠিয়েছে আর তার চুক্তি ভেংগেছে।
55:21 তার মুখের কথা মাখনের চেয়ে মোলায়েম, কিন্তু তার অন্তরে রয়েছে যুদ্ধ; তার কথাগুলো দেহে মাখানো তেলের চেয়েও আরামের, কিন্তু সেগুলো যেন খাপ থেকে টেনে বের করা তলোয়ার।
55:22 তোমার সব ভার তুমি সদাপ্রভুর উপর ফেলে দাও, তিনিই তোমার ব্যবস্থা করবেন; তাঁর ভক্তদের তিনি কখনও টলতে দেবেন না।
55:23 কিন্তু হে ঈশ্বর, তুমি খুনী ও ছলনাকারীদের মৃতস্থানে ফেলে দেবে, আর তা করবে তাদের আয়ুর অর্ধেক শেষ হবার আগেই; কিন্তু আমি তোমার উপর নির্ভর করব।