Psalms 56
56:1 হে ঈশ্বর, আমার প্রতি দয়া কর, কারণ লোকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে; সব সময় যুদ্ধ করে তারা আমাকে কষ্ট দিচ্ছে।
56:2 আমার শত্রুরা সব সময় আমাকে তাড়া করে বেড়াচ্ছে; অনেকে অহংকারের বশে আমার সংগে যুদ্ধ করছে।
56:3 অন্তরে ভয় জাগলে আমি তোমার উপর নির্ভর করব।
56:4 যাঁর বাক্যের গুণ আমি গাই, সেই ঈশ্বরের উপরে, হ্যাঁ, সেই ঈশ্বরের উপরেই আমি নির্ভর করি; আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
56:5 তারা সব সময় আমার কথার খারাপ অর্থ করে আর আমার ক্ষতি করার মতলবে থাকে।
56:6 তারা একসংগে জড়ো হয়, আমার জন্য ওৎ পেতে থাকে; আমাকে মেরে ফেলার সুযোগের জন্য তারা আমার চলাফেরা লক্ষ্য করে।
56:7 অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না? হে ঈশ্বর, তুমি ক্রোধে জাতিদের ধ্বংস কর।
56:8 আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান; আমার চোখের জল দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও। এ সবই তো তোমার বইয়ে লেখা আছে।
56:9 যেদিন আমি তোমাকে ডাকব, সেদিন আমার শত্রুরা পালিয়ে যাবে; আমি জানি ঈশ্বর আমার পক্ষে আছেন।
56:10 ঈশ্বর, যাঁর বাক্যের গুণ আমি গাই, সদাপ্রভু, যাঁর বাক্যের আমি গুণগান করি,
56:11 আমি তাঁর উপরেই নির্ভর করি; আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
56:12 হে ঈশ্বর, তোমার কাছে যে মানত করেছি আমি তা পূরণ করতে বাধ্য; আমি তোমার কাছে কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করব;
56:13 কারণ মৃত্যু থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ আর পড়ে যাওয়া থেকে আমাকে বাঁচিয়েছ, যাতে জীবনের আলোতে আমি ঈশ্বরের সামনে চলাফেরা করতে পারি।