Psalms 57
57:1 আমার প্রতি দয়া কর; হে ঈশ্বর, আমার প্রতি তুমি দয়া কর, কারণ তোমার মধ্যেই আমি আশ্রয় নিয়েছি। তোমার ডানার ছায়ার আশ্রয়ে আমি থাকব যতদিন না আমার উপর থেকে এই বিপদের ঝড় সরে যায়।
57:2 আমি মহান ঈশ্বরকে ডাকব; যিনি আমাকে দেওয়া তাঁর সব কথাই রক্ষা করেন আমি তাঁকেই ডাকব।
57:3 স্বর্গ থেকে তাঁর সাহায্য নেমে আসবে; যারা আমাকে তাড়া করে বেড়ায় তাদের দোষের কথা বলতে তিনি ছাড়বেন না। [সেলা] ঈশ্বরের কাছ থেকে তাঁর অটল ভালবাসা ও বিশ্বস্ততা নেমে আসবে।
57:4 খিদেয় পাগল সিংহের মত লোকদের মাঝখানে আমি শুয়ে আছি; তাদের দাঁত যেন বর্শা আর তীর, আর জিভ্ ধারালো তলোয়ার।
57:5 হে ঈশ্বর, তোমার মহিমা আকাশ ছাপিয়ে উঠুক; তোমার গৌরব সমস্ত পৃথিবীর উপরে দেখা দিক।
57:6 তারা আমার চলার পথে জাল পেতেছে; অত্যাচারে আমি ভেংগে পড়েছিলাম; তারা আমার পথে গর্ত খুঁড়েছে, কিন্তু তারা নিজেরাই তাতে পড়েছে। [সেলা]
57:7 হে ঈশ্বর, আমার মন স্থির আছে, টলে নি; আমি গান গাইব, গানের সুর তুলব।
57:8 হে আমার অন্তর, জেগে ওঠো; বীণা ও সুরবাহার, জেগে ওঠো; আমি ভোরকে জাগিয়ে তুলব।
57:9 হে প্রভু, বিভিন্ন জাতির সামনে আমি তোমার ধন্যবাদ করব, তাদের মধ্যে তোমার উদ্দেশে গান গাইব;
57:10 কারণ তোমার অটল ভালবাসা যেন আকাশ ছুঁয়েছে, তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।
57:11 হে ঈশ্বর, তোমার মহিমা আকাশ ছাপিয়ে উঠুক; তোমার গৌরব সমস্ত পৃথিবীর উপরে দেখা দিক।