Library · bn

Psalms 74

74:1 হে ঈশ্বর, তুমি চিরদিনের জন্য কেন আমাদের ত্যাগ করেছ? তোমার চারণভূমির ভেড়াদের বিরুদ্ধে কেন তোমার ক্রোধের আগুন ধূমিয়ে উঠছে? 74:2 মনে করে দেখ তোমার সেই লোকদের কথা যাদের তুমি অনেক কাল আগেই তোমার করে নিয়েছিলে, যে বংশকে তুমি তোমার অধিকার হিসাবে মুক্ত করে এনেছিলে। মনে করে দেখ সেই সিয়োন পাহাড়ের কথা যাকে তুমি তোমার বাসস্থান করেছ। 74:3 চিরকালের এই ধ্বংসস্তূপের দিকে তুমি পা চালিয়ে এগিয়ে এস; পবিত্র স্থানে সব কিছুই শত্রুরা ছারখার করে দিয়েছে। 74:4 যেখানে তোমার সংগে আমাদের মিলন হত সেই জায়গায় শত্রুরা গর্জন করে বেড়িয়েছে, সেখানে তারা নিজেদের নিশান তুলেছে। 74:5 অবস্থা দেখে মনে হয় যেন কেউ বনের গাছ কাটার জন্য কুড়াল চালিয়েছিল। 74:6 কুড়াল ও হাতুড়ি দিয়ে সমস্ত খোদাই করা কাজগুলো তারা চুরমার করে দিয়েছে। 74:7 তোমার পবিত্র স্থানে তারা আগুন লাগিয়েছে, তোমার থাকবার জায়গা মাটির সংগে মিশিয়ে দিয়ে অশুচি করেছে। 74:8 তারা মনে মনে বলেছে, “আমরা ওদের সম্পূর্ণভাবে দাবিয়ে রাখব।” ঈশ্বরের সংগে মিলিত হওয়ার সব জায়গাগুলো তারা পুড়িয়ে দিয়েছে। 74:9 আমাদের জন্য কোন আশ্চর্য কাজ করা হচ্ছে এমন তো আর আমরা দেখি না; কোন নবীও আর নেই; এরকম যে আর কতদিন চলবে তা আমাদের কেউ জানে না। 74:10 হে ঈশ্বর, শত্রুরা আর কতদিন ঠাট্টা-বিদ্রূপ করবে? চিরদিনই কি শত্রুরা তোমার নামের অপমান করবে? 74:11 কেন তুমি তোমার হাতখানা, ঐ ডান হাতখানা লুকিয়ে রেখেছ? তা বুকের মধ্য থেকে বের করে এনে তাদের শেষ করে দাও। 74:12 তবুও হে ঈশ্বর, অনেক কাল আগে থেকে তুমিই আমার রাজা; তুমিই এই দুনিয়ার বুকে উদ্ধারের কাজ করছ। 74:13 নিজের শক্তিতে তুমিই সাগরকে ভাগ করেছিলে; তুমিই সাগরের মধ্যে ভেংগে দিয়েছিলে জল-দানবদের মাথা। 74:14 লিবিয়াথনের মাথাগুলো তুমিই চুরমার করে দিয়েছিলে আর তার দেহটা মরুভূমির প্রাণীদের খেতে দিয়েছিলে। 74:15 তুমি ফোয়ারা ও ছোট নদীর পথ খুলে দিয়েছ; অনেক কালের বয়ে যাওয়া নদী তুমিই শুকিয়ে ফেলেছ। 74:16 দিন তোমার, রাতও তোমার; চাঁদ-তারা ও সূর্য তুমিই স্থাপন করেছ। 74:17 পৃথিবীর সব কিছুর সীমা তুমিই ঠিক করে দিয়েছ; তুমিই শীত ও গ্রীষমকাল তৈরী করেছ। 74:18 হে সদাপ্রভু, ভুলে যেয়ো না শত্রুরা তোমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে, অসাড়-বিবেক লোকেরা তোমার নামের অপমান করেছে। 74:19 তোমার এই প্রিয় ঘুঘুকে তুমি বুনো পশুর হাতে তুলে দিয়ো না; তোমার অত্যাচারিত লোকদের জীবনের কথা তুমি চিরদিন ভুলে থেকো না। 74:20 তোমার ব্যবস্থার কথা তুমি ভেবে দেখ; দেশের সব লুকাবার স্থানের অনেক বাসস্থান অত্যাচারে ভরে উঠেছে। 74:21 তুমি অত্যাচারিত লোকদের অপমানিত হয়ে ফিরে আসতে দিয়ো না; দুঃখী এবং অভাবী লোকেরা তোমার নামের গৌরব করুক। 74:22 হে ঈশ্বর, তুমি উঠে বিচার করবার জন্য তোমার মামলা উপস্থিত কর; ভুলে যেয়ো না অসাড়-বিবেক লোকেরা সারা দিন তোমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। 74:23 তোমার শত্রুদের চেঁচামেচি, তোমার বিরুদ্ধে তাদের যে হৈচৈ সব সময় চলছে, তা ভুলে যেয়ো না।