Psalms 73
73:1 যাদের অন্তর খাঁটি সেই ইস্রায়েলীয়দের পক্ষে ঈশ্বর সত্যিই মংগলময়।
73:2 কিন্তু আমি প্রায় পড়ে গিয়েছিলাম; আমার পা প্রায় পিছলে গিয়েছিল।
73:3 আমি দেখলাম, দুষ্টেরা বেশ সুখে আছে, সেজন্য ঐ সব অহংকারীদের দেখে আমার হিংসা হয়েছিল;
73:4 কারণ মরণকালে তারা যন্ত্রণা পায় না আর তাদের দেহও বেশ মোটাসোটা থাকে।
73:5 অন্য লোকেরা যেমন বিপদে পড়ে তেমনি তারা বিপদে পড়ে না; অন্যেরা যেমন কষ্ট ভোগ করে তেমনি তারা কষ্ট ভোগ করে না।
73:6 সেজন্য অহংকার হয় তাদের গলার হার, আর অত্যাচার হয় তাদের গায়ের কাপড়।
73:7 চর্বির ঠেলায় তাদের চোখ বেরিয়ে এসেছে; তাদের মনের কুমতলব উপ্চে পড়ছে।
73:8 তাদের কথায় বিদ্রূপ আর হিংসা রয়েছে; অহংকারের বশে তারা অত্যাচারের ভয় দেখায়।
73:9 তারা স্বর্গের বিরুদ্ধে কথা বলে আর সারা দুনিয়ায় তাদের বড় বড় কথা ছড়িয়ে পড়ে।
73:10 সেজন্য ঈশ্বরের লোকেরা মন্দ পথে ফিরে যায় আর সেই সব কথা প্রচুর পরিমাণে গিলতে থাকে।
73:11 তারা বলে, “ঈশ্বর কি করে জানবেন? মহান ঈশ্বরের মধ্যে জ্ঞান বলতে কি কিছু আছে?”
73:12 এরাই হল সেই দুষ্ট লোকেরা যারা আরামে থেকে ধন-সম্পত্তি বাড়িয়েছে।
73:13 আমার অন্তরকে আমি মিছামিছি খাঁটি রেখেছি, আমার হাত মিথ্যাই আমি নির্দোষ রেখেছি।
73:14 সারা দিন ধরে আমি কষ্ট ভোগ করেছি; প্রতিদিন সকাল বেলায় শাস্তি পেয়েছি।
73:15 যদি এই সব কথা আমি লোকদের কাছে বলতাম, তবে এই কালের তোমার লোকদের কাছে আমি অবিশ্বস্ত হতাম।
73:16 আমি যখন এ সব ব্যাপারে বুঝবার চেষ্টা করলাম তখন আমার মনকে তা কষ্ট দিতে লাগল;
73:17 কিন্তু যখন আমি ঈশ্বরের পবিত্র জায়গায় গেলাম তখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম।
73:18 তুমি সত্যিই তাদের পিছল জায়গায় রেখেছ আর ধ্বংসের মধ্যে ফেলেছ।
73:19 কেমন হঠাৎ তারা ধ্বংস হয়ে যায় আর ভয় জাগানো বিপদের মধ্যে একেবারে শেষ হয়ে যায়।
73:20 ঘুম ভাঙ্গলে মানুষের কাছে স্বপ যেমন তুচ্ছ হয়ে যায়, তেমনি হে প্রভু, তুমি জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে।
73:21 যখন আমার মন তেতো হয়ে উঠেছিল আর অন্তরে আঘাত লেগেছিল,
73:22 তখন আমি অসাড় ও অবুঝ হয়ে পড়েছিলাম আর তোমার কাছে বুদ্ধিহীন পশুর সমান হয়েছিলাম।
73:23 তবুও আমি সব সময় তোমার সংগেই আছি; তুমিই আমার ডান হাত ধরে রেখেছ।
73:24 তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে, আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে।
73:25 স্বর্গে তুমিই আমার সব; তোমাকে পেয়ে পৃথিবীতেও আমার চাওয়ার আর কিছু নেই।
73:26 আমার দেহ ও মন ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তি আর আমার চিরকালের সম্পত্তির ভাগ।
73:27 যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে, তারা শেষ হয়ে যাবে; যারা তোমার প্রতি অবিশ্বস্ত তুমি তাদের ধ্বংস করে ফেলবে।
73:28 কিন্তু ঈশ্বরের সংগে থাকা আমার জন্য মংগল; প্রভু সদাপ্রভুকে আমি আমার আশ্রয়স্থান করেছি, যেন তাঁর সব কাজের কথা আমি প্রচার করতে পারি।