Psalms 77
77:1 আমি চিৎকার করে ঈশ্বরের কাছে কাঁদছি; আমি ঈশ্বরের কাছে চিৎকার করছি যেন তিনি তা শুনে উত্তর দেন।
77:2 বিপদের দিনে আমি প্রভুকে ডাকলাম; রাতের বেলা আমার হাত দু’টা ঈশ্বরের দিকে বাড়ানোই থাকত, আমি ক্লান্ত হতাম না; আমার অন্তর সান্ত্বনা পেত না।
77:3 আমি যখন ঈশ্বরের কথা ভাবতাম তখন দুঃখে কোঁকাতাম; ভাবতে ভাবতে আমি নিরাশ হয়ে পড়তাম। [সেলা]
77:4 তুমিই আমার চোখের পাতা খোলা রাখতে; আমি খুব অস্থির হয়ে পড়তাম, তাই কথাও বলতে পারতাম না।
77:5 অনেক পুরানো দিনের কথা আমি ভাবতাম, ভাবতাম অনেক অনেক বছর আগেকার কথা।
77:6 রাতের বেলায় আমার সব গানের কথা আমার মনে পড়ত; আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতাম আর মনে মনে প্রশ্ন করতাম-
77:7 প্রভু কি চিরদিনের জন্য আমাদের ত্যাগ করেছেন? তিনি কি আমাদের আর কখনও দয়া করবেন না?
77:8 তাঁর অটল ভালবাসা কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল? তাঁর প্রতিজ্ঞাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল?
77:9 ঈশ্বর কি দয়া করতে ভুলে গেলেন? তিনি কি ক্রোধে তাঁর করুণা বন্ধ করে দিলেন? [সেলা]
77:10 আমি বললাম, “এটাই আমার দুঃখ যে, মহান ঈশ্বরের ডান হাতখানা বদলে গেছে।”
77:11 সদাপ্রভুর সব কাজের কথা আমি মনে করব; হ্যাঁ, মনে করব পুরানো দিনে তোমার করা আশ্চর্য কাজগুলোর কথা।
77:12 তোমার সমস্ত কাজের বিষয়ে আমি ধ্যান করব; তোমার সব কাজের কথা ভেবে দেখব।
77:13 হে ঈশ্বর, তোমার চলার পথ পবিত্র; আমাদের ঈশ্বরের মত মহান কি কোন দেবতা আছে?
77:14 তুমিই সেই ঈশ্বর যিনি আশ্চর্য আশ্চর্য কাজ করে থাকেন; সব জাতির মধ্যে তোমার শক্তির পরিচয় তুমি দিয়েছ।
77:15 তুমি তোমার লোক যাকোব ও যোষেফের বংশধরদের তোমার শক্ত হাতে মুক্ত করেছ। [সেলা]
77:16 হে ঈশ্বর, সাগরের জল তোমাকে দেখেছিল; তোমাকে দেখে জল অস্থির হয়ে উঠল, তার গভীর তলা পর্যন্ত কেঁপে উঠল।
77:17 মেঘ জল ঢেলে দিল, আকাশে বাজের গর্জন হল; তোমার বিদ্যুতের তীর এখানে ওখানে চম্কাতে লাগল।
77:18 ঘূর্ণিঝড়ে তোমার বাজের শব্দ শোনা গেল, তোমার বিদ্যুতের ঝলক্ জগৎ আলোময় করল; পৃথিবী কাঁপল ও টলমল করে উঠল।
77:19 সাগরের মধ্য দিয়ে তুমি পথ করে দিলে, গভীর জলের মধ্য দিয়ে তুমি পথ করে দিলে, কিন্তু তোমার পায়ের চিহ্ন সেখানে দেখা যায় নি।
77:20 মোশি ও হারোণকে দিয়ে ভেড়ার পালের মত করে তুমি তোমার লোকদের চালিয়ে নিয়ে গিয়েছিলে।