Psalms 78
78:1 হে আমার জাতির লোকেরা, আমার উপদেশ শোন; আমার মুখের কথায় কান দাও।
78:2 শিক্ষা-ভরা উদাহরণের মধ্য দিয়ে আমি মুখ খুলব; আমি পুরানো দিনের গভীর বিষয় নিয়ে কথা বলব।
78:3 এই সব কথা আমরা শুনেছি আর জেনেছি, আমাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে বলে গেছেন।
78:4 তাঁদের বংশধরদের কাছে আমরা তা গোপন রাখব না; আমরা পরের বংশধরদের কাছে সদাপ্রভুর গৌরবপূর্ণ কাজের কথা বলব; তাঁর শক্তির কথা আর তিনি যে সব আশ্চর্য কাজ করেছেন সেই সব কথা বলব।
78:5 তিনি যাকোবের বংশের উপর তাঁর আজ্ঞা জারি করেছেন, ইস্রায়েল জাতির জন্য তাঁর আইন-কানুন স্থাপন করেছেন; সেই আইন-কানুন তাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতে তিনি আমাদের পূর্বপুরুষদের আদেশ করেছেন,
78:6 যাতে পরের বংশধরেরা, যারা এখনও জন্মগ্রহণ করে নি তারা সেগুলো জানতে পারে আর তাদের সন্তানদের কাছে তা বলতে পারে।
78:7 তাহলে তারা ঈশ্বরের উপরে নির্ভর করবে; তাঁর কাজগুলো তারা ভুলে যাবে না বরং তাঁর আদেশগুলো পালন করবে।
78:8 এতে তাদের পূর্বপুরুষদের মত তারা একগুঁয়ে ও বিদ্রোহী হবে না; সেই পূর্বপুরুষদের অন্তর ঈশ্বরের প্রতি অটল ছিল না আর মনও বিশ্বস্ত ছিল না।
78:9 ইফ্রয়িমের লোকেরা ধনুকধারী হলেও যুদ্ধের দিনে পিছু হটে গিয়েছিল।
78:10 তারা ঈশ্বরের ব্যবস্থা পালন করে নি, তাঁর আইন-কানুন মতে চলতে তারা অস্বীকার করেছিল।
78:11 তিনি যে কি করেছিলেন তা তারা ভুলে গিয়েছিল, ভুলে গিয়েছিল তাঁর আশ্চর্য কাজের কথা যা তিনি তাদের দেখিয়েছিলেন।
78:12 ইস্রায়েলীয়দের পূর্বপুরুষদের চোখের সামনে তিনি আশ্চর্য কাজ করেছিলেন; মিসরে ও সোয়ন এলাকায় তিনি তা করেছিলেন।
78:13 তিনি সাগর দু’ভাগ করে তার মধ্য দিয়ে তাদের নিয়ে গিয়েছিলেন; তিনি জলকে ঢিবির মত করে দাঁড় করিয়েছিলেন।
78:14 দিনে মেঘ দিয়ে আর সারা রাত আগুনের আলো দিয়ে তিনি তাদের পথ দেখিয়েছিলেন।
78:15 মরু-এলাকায় পাথর ফাটিয়ে মাটির নীচের জল থেকে তিনি তাদের অনেক খাবার জল দিলেন।
78:16 পাহাড়ের মত পাথর থেকে তিনি জলের স্রোত বের করে আনলেন; সেই জল তিনি নদীর মত করে বইয়ে দিলেন।
78:17 কিন্তু তারা তাঁর বিরুদ্ধে পাপ করতেই থাকল; মহান ঈশ্বরের বিরুদ্ধে মরু-এলাকায় বিদ্রোহ করল।
78:18 তাদের ইচ্ছামত খাবার দাবি করে মনে মনে তারা ঈশ্বরকে পরীক্ষা করল।
78:19 তারা ঈশ্বরের বিরুদ্ধে এই কথা বলল, “ঈশ্বর কি মরু-এলাকায় খাবার দিয়ে টেবিল সাজাতে পারেন?
78:20 তিনি পাথরে আঘাত করলেন আর তা থেকে উপ্চে পড়া জলের স্রোত বেরিয়ে আসল; তাই বলে কি তিনি আমাদের রুটিও দিতে পারেন? তিনি কি তাঁর লোকদের জন্য মাংস যোগাতে পারেন?”
78:21 এ কথা শুনে সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠলেন। যাকোবের বিরুদ্ধে তাঁর অন্তরে আগুন জ্বলে উঠল, ইস্রায়েলের বিরুদ্ধে তাঁর ক্রোধ জেগে উঠল;
78:22 কারণ ঈশ্বরের উপরে তারা বিশ্বাস করে নি; তিনি যে তাদের উদ্ধার করবেন সেই কথায় তারা নির্ভর করে নি।
78:23 তবুও তিনি উপরে আকাশকে আদেশ দিলেন আর আকাশের দরজা খুলে দিলেন।
78:24 লোকদের খাবার জন্য তিনি বৃষ্টির মত করে মান্না দিলেন, স্বর্গের শস্য তাদের দিলেন।
78:25 স্বর্গদূতের খাবার মানুষ খেল; তারা যত খেতে পারে তত খাবার জিনিসই তিনি তাদের পাঠিয়ে দিলেন।
78:26 তিনি আকাশ থেকে পূবের বাতাস বহালেন; তিনি নিজের শক্তিতে দক্ষিণের বাতাসকে চালালেন।
78:27 তিনি ধূলিকণার মত মাংসের বৃষ্টি দিলেন, সাগর পারের বালুকণার মত পাখীর বৃষ্টি দিলেন।
78:28 তাদের ছাউনি-এলাকায়, তাদের তাম্বুর চারপাশে তিনি সেগুলোকে পড়তে দিলেন।
78:29 তারা পেট ভরে তা খেল; তারা যা চেয়েছিল তাদের তিনি তা-ই দিলেন।
78:30 যে খাবার তারা খেতে চেয়েছিল তা খাওয়া শেষ না হতেই, এমন কি, তা তাদের মুখে থাকতেই
78:31 ঈশ্বরের ক্রোধ তাদের বিরুদ্ধে জেগে উঠল। তাদের কিছু শক্তিশালী যুবকদের তিনি মেরে ফেললেন; ইস্রায়েলের সেরা লোকদের তিনি তাঁর অধীনে আনলেন।
78:32 তবুও তারা পাপ করতেই থাকল, তাঁর আশ্চর্য কাজ দেখেও তাঁকে বিশ্বাস করল না।
78:33 তাই তিনি তাদের দিনগুলো বিফলতায় শেষ করে দিলেন আর বছরগুলো শেষ করে দিলেন ভয়ের মধ্য দিয়ে।
78:34 তিনি তাদের মেরে ফেলার পর বাকী লোকেরা তাঁর কথা মনে করল; তারা আবার তাঁর দিকে ফিরে আগ্রহের সংগে তাঁকে ডাকল।
78:35 তাদের মনে পড়ল ঈশ্বরই তাদের আশ্রয়-পাহাড়, মহান ঈশ্বরই তাদের মুক্তিদাতা।
78:36 কিন্তু তারা তখন মুখ দিয়ে ছলনা করল, জিভ্ দিয়ে তাঁর কাছে মিথ্যা কথা বলল।
78:37 তাদের অন্তর তাঁর প্রতি স্থির ছিল না; তাঁর ব্যবস্থার প্রতি তারা বিশ্বস্ত ছিল না।
78:38 তবুও তিনি মমতায় পূর্ণ বলে তাদের অন্যায় ক্ষমা করলেন, তাদের ধ্বংস করলেন না; তাঁর ক্রোধ তিনি বার বার দমন করলেন, তাঁর সম্পূর্ণ ক্রোধ জ্বলে উঠল না।
78:39 তিনি ভেবে দেখলেন তারা মানুষ মাত্র, তারা বয়ে যাওয়া বাতাসের মত যা ফিরে আসে না।
78:40 মরু-এলাকায় কতবার তাঁর বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে, সেই মরুভূমিতে কতবার তাঁকে দুঃখ দিয়েছে।
78:41 বার বার তারা ঈশ্বরকে পরীক্ষা করেছে, ইস্রায়েলের সেই পবিত্রজনকে কষ্ট দিয়েছে।
78:42 তারা তাঁর শক্তির কথা মনে রাখে নি; মনে রাখে নি সেই দিনের কথা- যেদিন তিনি শত্রুর হাত থেকে তাদের মুক্ত করেছিলেন,
78:43 যেদিন মিসরে তিনি চিহ্ন দেখিয়েছিলেন আর আশ্চর্য কাজ করেছিলেন সোয়ন এলাকায়।
78:44 সেদিন তাদের সমস্ত নদীর জল তিনি রক্ত করে দিয়েছিলেন আর সেই জল তারা খেতে পারে নি।
78:45 তাদের মধ্যে তিনি ঝাঁকে ঝাঁকে পোকা পাঠালেন, সেগুলো তাদের যেন খেয়ে শেষ করে দিল। তিনি ব্যাংয়ের দল পাঠিয়ে দিলেন, সেগুলো তাদের সর্বনাশ করল।
78:46 তাদের শস্য তিনি ফড়িংকে দিলেন আর তাদের ফসল দিলেন পংগপালকে।
78:47 শিলাবৃষ্টি দিয়ে তাদের আংগুর লতা তিনি নষ্ট করে দিলেন; জমে যাওয়া শিশির দিয়ে ডুমুর গাছ নষ্ট করে দিলেন।
78:48 তিনি শিলাবৃষ্টির হাতে তাদের গরুর পাল তুলে দিলেন আর বাজ পড়ার হাতে তুলে দিলেন তাদের পশুর পাল।
78:49 তিনি তাদের বিরুদ্ধে তাঁর জ্বলন্ত উপ্চে পড়া ভীষণ ক্রোধ আর দুঃখ-কষ্ট পাঠিয়ে দিলেন; সেগুলো হল ধ্বংসের কাজে নিযুক্ত একদল দূত।
78:50 তাঁর ক্রোধ প্রকাশের পথের বাধা তিনি দূর করে দিলেন; তিনি মৃত্যু থেকে তাদের রেহাই দেন নি বরং মড়কের হাতে তাদের তুলে দিলেন।
78:51 তিনি মিসর দেশের প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আঘাত করলেন, আঘাত করলেন হাম-বংশের তাম্বুতে যৌবন-শক্তির প্রত্যেকটি প্রথম ফলকে।
78:52 এর পর তাঁর লোকদের তিনি ভেড়ার মত করে বের করে আনলেন, আর মরু-এলাকার মধ্য দিয়ে ভেড়ার পালের মত করে তাদের পরিচালনা করলেন।
78:53 তিনি তাদের নিরাপদে নিয়ে আসলেন, তাদের কোন ভয় হল না; কিন্তু সাগর তাদের শত্রুদের গিলে ফেলল।
78:54 শেষ পর্যন্ত তিনি তাঁর পবিত্র দেশে তাদের নিয়ে আসলেন, নিয়ে আসলেন সেই পাহাড়ী দেশে যে দেশ তাঁর শক্তিপূর্ণ হাতে তিনি দখল করেছিলেন।
78:55 তাদের সামনে থেকে অন্যান্য জাতিদের তিনি তাড়িয়ে দিলেন, আর সেই জাতিদের জায়গা-জমি তিনি জরীপ করে সম্পত্তি হিসাবে তাদের ভাগ করে দিলেন; তাদের ঘর-দুয়ারে ইস্রায়েলের গোষ্ঠীদের বাস করালেন।
78:56 কিন্তু তবুও তারা মহান ঈশ্বরকে পরীক্ষা করল আর তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করল; তাঁর আজ্ঞা তারা পালন করল না।
78:57 তাদের পূর্বপুরুষদের মতই তারা ঠিক পথ থেকে সরে গিয়ে বিশ্বাসঘাতকতা করল; বেয়াড়া ধনুকের মতই তারা বেঁকে রইল।
78:58 তারা পাহাড়ের উপরকার বেদীগুলো ব্যবহার করে তাঁকে অসন্তুষ্ট করে তুলল; খোদাই করা প্রতিমা পূজা করে তাঁর পাওনা ভক্তির আগ্রহ বাড়িয়ে তুলল।
78:59 এ সব দেখে-শুনে ঈশ্বর ভীষণ অসন্তুষ্ট হলেন; তিনি ইস্রায়েলকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করলেন।
78:60 শীলোতে তাঁর যে আবাস-তাম্বু ছিল তা তিনি ছেড়ে গেলেন; এটা সেই তাম্বু যা তিনি মানুষের মধ্যে স্থাপন করেছিলেন।
78:61 তাঁর শক্তির চিহ্ন তিনি বন্দীদশায় পাঠালেন; তাঁর মহিমার চিহ্নটি তাঁর শত্রুদের হাতে দিলেন।
78:62 তাঁর লোকদের তিনি শত্রুর তলোয়ারের হাতে তুলে দিলেন; তাঁর নিজের লোকদের উপর তাঁর ক্রোধ উপ্চে পড়ল।
78:63 আগুন তাদের যুবকদের পুড়িয়ে ফেলল; তাদের কুমারী মেয়েদের জন্য বিয়ের গান হল না।
78:64 তলোয়ারের ঘায়ে তাদের পুরোহিতেরা মারা পড়ল; তাদের বিধবারা শোক প্রকাশ করতে পারল না।
78:65 তারপর প্রভু যেন ঘুম থেকে জাগলেন; তিনি আংগুর-রসের নেশা কাটিয়ে ওঠা বীরের মত করে জাগলেন।
78:66 তাঁর শত্রুদের তিনি পিছু হটিয়ে দিলেন; তাদের তিনি স্থায়ী অপমানের মধ্যে ফেললেন।
78:67 পরে তিনি যোষেফ-বংশের এলাকা অগ্রাহ্য করলেন, ইফ্রয়িম-গোষ্ঠীর এলাকা বেছে নিলেন না;
78:68 কিন্তু বেছে নিলেন যিহূদা-গোষ্ঠীর এলাকা- সেই সিয়োন পাহাড় যাকে তিনি ভালবাসতেন।
78:69 সেখানে তাঁর পবিত্র ঘরটি তিনি উঁচু করে তৈরী করলেন, তা ছিল যেন আকাশ ছোঁয়া; তিনি তা পৃথিবীর মত স্থায়ীভাবে স্থাপন করলেন।
78:70 তিনি তাঁর দাস দায়ূদকে বেছে নিলেন, নিলেন তাঁকে ভেড়ার খোঁয়াড় থেকে;
78:71 তাঁকে দুধ দেওয়া ভেড়ীদের দেখাশোনা করার কাজ থেকে নিয়ে আসলেন, যেন তিনি প্রভুর লোকদের, অর্থাৎ যাকোবের বংশকে, যারা তাঁর সম্পত্তি সেই ইস্রায়েল জাতিকে চরাতে পারেন।
78:72 দায়ূদ তাঁর অন্তরের সততা অনুসারে তাদের পালন করলেন; তিনি তাদের বুদ্ধি-বিবেচনার সংগে চালিয়ে নিলেন।