Psalms 80
80:1 হে ইস্রায়েলের পালক, তুমি আমাদের কথায় কান দাও; তুমি যোষেফের বংশকে ভেড়ার পালের মত করে চালিয়ে নিচ্ছ। তুমি করূবদের উপরে আছ, তোমার আলো তুমি ছড়িয়ে দাও।
80:2 তুমি ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশি-গোষ্ঠীর সামনে তোমার শক্তিকে জাগিয়ে তোল আর আমাদের উদ্ধার করতে এস।
80:3 হে ঈশ্বর, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও; তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক, আমরা তাতে উদ্ধার পাব।
80:4 হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঈশ্বর, তোমার লোকদের প্রার্থনাতে আর কতকাল তুমি অসন্তুষ্ট থাকবে?
80:5 খাবার জিনিস হিসাবে তুমি চোখের জল তাদের খেতে দিয়েছ আর প্রচুর চোখের জল পান করিয়েছ।
80:6 তুমি এমন করেছ যাতে প্রতিবেশী জাতিরা আমাদের নিয়ে ঝগড়া-বিবাদ করে। আমাদের শত্রুরা আমাদের নিয়ে নিজেদের মধ্যে হাসি-তামাশা করে।
80:7 হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর, আমাদের তুমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও; তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক, আমরা তাতে উদ্ধার পাব।
80:8 তুমি একটা আংগুর লতার মত মিসর দেশ থেকে আমাদের আনলে; অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে তুমি সেটা লাগালে।
80:9 তুমি তার জন্য জমি পরিষ্কার করলে; তার শিকড় মাটিতে বসে সারা দেশ ছেয়ে গেল।
80:10 তার ছায়ায় পাহাড়-পর্বত ঢেকে গেল; তার ডালপালা বড় বড় এরস গাছগুলো ঢেকে ফেলল।
80:11 সাগর পর্যন্ত সে তার ডালপালা আর ইউফ্রেটিস নদী পর্যন্ত তার নতুন নতুন ডাল ছড়িয়ে দিল।
80:12 কেন তার রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিলে, যার জন্য যারা তার পাশ দিয়ে যায় তারাই তার ফল ছেঁড়ে?
80:13 বনের শুয়োর এসে তা খেয়ে ফেলে; মাঠের প্রাণীরাও তা খায়।
80:14 হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর, তুমি ফিরে এস; স্বর্গ থেকে তুমি চেয়ে দেখ আর এই আংগুর লতার দেখাশোনা কর,
80:15 যে চারাগাছকে তুমি নিজের হাতে লাগিয়েছ, যার ডাল তোমার নিজের জন্য তুমি শক্তিশালী করেছ;
80:16 সেই গাছ আগুনে পুড়ে গেছে, তা কেটে ফেলা হয়েছে; তোমার লোকেরা তোমার বকুনি খেয়ে শেষ হয়ে যাচ্ছে।
80:17 তোমার বেছে নেওয়া লোকের উপর তুমি হাত রাখ; হাত রাখ সেই মানুষের উপর যাকে তুমি নিজের জন্য শক্তিশালী করেছ।
80:18 তাহলে আমরা আর তোমার কাছ থেকে ফিরে যাব না; তুমি আবার আমাদের জীবিত করে তোল, আমরা তোমাকে তোমার যোগ্য সম্মান দেব।
80:19 হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঈশ্বর, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও; তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক, আমরা তাতে উদ্ধার পাব।