Library · bn

Psalms 79

79:1 হে ঈশ্বর, অন্য জাতিরা তোমার সম্পত্তি আক্রমণ করেছে, তারা সেখানে ঢুকে পড়েছে; তোমার পবিত্র ঘরটা তারা অশুচি করেছে; যিরূশালেমকে তারা ধ্বংসের স্তূপ করেছে। 79:2 তোমার দাসদের মৃতদেহগুলো তারা আকাশের পাখীদের খেতে দিয়েছে; তোমার ভক্তদের দেহের মাংস পৃথিবীর পশুদের দিয়েছে। 79:3 যিরূশালেমের চারদিকে তারা জলের মত করে তাদের রক্ত ঢেলে দিয়েছে; তাদের কবর দেবার কেউ নেই। 79:4 প্রতিবেশী জাতিদের কাছে আমরা নিন্দার পাত্র হয়েছি, আমাদের চারপাশের লোকদের কাছে হাসি-তামাশার খোরাক হয়েছি। 79:5 হে সদাপ্রভু, আর কতকাল? তুমি কি চিরকালই অসন্তুষ্ট হয়ে থাকবে? আর কতদিন তোমার পাওনা ভক্তি না পাওয়ার জ্বালা আগুনের মত জ্বলতে থাকবে? 79:6 যারা তোমাকে মেনে নেয় না সেই সব জাতির উপর তোমার ক্রোধ ঢেলে দাও, ঢেলে দাও সেই সব রাজ্যগুলোর উপর যারা তোমাকে তোমার যোগ্য সম্মান দেয় না; 79:7 কারণ তারাই যাকোবের বংশকে যেন শেষ করে ফেলেছে, তার বাসস্থান ধ্বংস করেছে। 79:8 পূর্বপুরুষদের অন্যায় তুমি আমাদের বিরুদ্ধে ধোরো না; তুমি শীঘ্র তোমার মমতা আমাদের দেখাও, কারণ আমরা সব দিক থেকে কাতর হয়ে পড়েছি। 79:9 হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, তোমার গৌরবের জন্য তুমি আমাদের সাহায্য কর; তোমার সুনাম রক্ষার জন্য আমাদের উদ্ধার কর আর আমাদের পাপ ক্ষমা কর। 79:10 অন্য জাতিরা কেন বলবে, “কোথায় গেল ওদের ঈশ্বর?” তুমি আমাদের সামনেই তাদের জানিয়ে দাও যে, তোমার দাসদের রক্তপাতের শোধ তুমি নেবেই। 79:11 বন্দীদের কাত্‌রানি তোমার কানে পৌঁছাক; যাদের উপর মৃত্যুর রায় দেওয়া হয়েছে তোমার মহাশক্তিতে তুমি তাদের বাঁচাও। 79:12 হে প্রভু, আমাদের প্রতিবেশী জাতিরা যেভাবে তোমাকে গাল-মন্দ করেছে, তার সাতগুণ শাস্তি তুমি তাদের ফিরিয়ে দাও। 79:13 তাহলে আমরা, তোমার লোকেরা, যারা তোমার চারণ ভূমির ভেড়া, চিরকাল তোমাকে কৃতজ্ঞতা জানাব আর বংশের পর বংশ ধরে তোমার গৌরব করব।