Psalms 83
83:1 হে ঈশ্বর, তুমি চুপ করে বসে থেকো না; হে ঈশ্বর, তুমি মুখ বন্ধ করে রেখো না, সাড়া দাও।
83:2 দেখ, কেমন করে তোমার শত্রুরা গর্জন করছে আর যারা তোমাকে ঘৃণা করে তারা গর্বের সংগে মাথা উঁচু করেছে।
83:3 তোমার লোকদের বিরুদ্ধে তারা পরামর্শ করছে, তুমি যাদের রক্ষা করছ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
83:4 তারা বলছে, “চল, আমরা জাতি হিসাবে ওদের শেষ করে দিই, যেন ইস্রায়েলের নাম আর কারও মনে না থাকে।”
83:5 তারা এক হয়ে ষড়যন্ত্র করছে; যারা তোমার বিরুদ্ধে চুক্তি করেছে তারা হল-
83:6 তাম্বুবাসী ইদোমীয়েরা, ইশ্মায়েলীয়েরা, মোয়াবীয়েরা ও হাগারীয়েরা,
83:7 গবালীয়েরা, অম্মোনীয়েরা, অমালেকীয়েরা আর সোর-বাসীদের সংগে পলেষ্টীয়েরা;
83:8 এমন কি, আসিরিয়েরাও তাদের সংগে যোগ দিয়েছে আর লোটের বংশধরদের ডান হাত হয়েছে। [সেলা]
83:9 তুমি মিদিয়নীয়দের প্রতি যা করেছিলে, কীশোন নদীর ধারে সীষরা আর যাবীনের প্রতি যা করেছিলে, এদের প্রতি তা-ই কর।
83:10 সীষরা আর যাবীন ঐন্দোরে ধ্বংস হয়ে গিয়েছিল; তারা জমির উপরে গোবরের মত পড়ে ছিল।
83:11 তাদের উঁচু পদের লোকদের দশা তুমি ওরেব ও সেবের মত কর; তাদের সব শাসনকর্তাদের দশা সেবহ ও সল্মুন্নের মত কর।
83:12 ঐ সব শত্রুরা বলেছিল, “এস, আমরা ঈশ্বরের দেওয়া দেশটা দখল করে নিই।”
83:13 হে আমার ঈশ্বর, তুমি তাদের বাতাসে উড়ে যাওয়া শুকনা গাছের মত কর, বাতাসের মুখে তুষের মত কর।
83:14 বনে আগুন লাগলে যেমন গাছের পর গাছ পুড়িয়ে দেয় আর আগুনের শিখা পাহাড়ের পর পাহাড় জ্বালিয়ে দেয়,
83:15 তেমনি করে তোমার ঝড় দিয়ে তুমি তাদের তাড়া কর; তোমার ভয়ংকর ঝড় দিয়ে ভীষণ ভয় ধরিয়ে দাও।
83:16 তুমি লজ্জা দিয়ে তাদের মুখ ঢেকে দাও, যাতে হে সদাপ্রভু, তারা তোমাকে ডাকে।
83:17 তারা চিরকালের জন্য লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক; তারা অসম্মানের সংগে ধ্বংস হয়ে যাক।
83:18 তারা যেন জানতে পারে যে, তোমার নাম সদাপ্রভু, হ্যাঁ, কেবল তুমিই সারা পৃথিবীর মহান ঈশ্বর।