Library · bn

Psalms 85

85:1 হে সদাপ্রভু, তোমার দেশের প্রতি তুমি দয়া দেখিয়েছ; তুমি যাকোবকে তার বন্দীদশা থেকে ফিরিয়ে এনেছ। 85:2 তোমার লোকদের অন্যায় তুমি ক্ষমা করেছ; তুমি তাদের সব পাপ ঢেকে দিয়েছ। [সেলা] 85:3 তোমার সমস্ত উপ্‌চে পড়া ক্রোধ তুমি দূর করে দিয়েছ আর তোমার জ্বলন্ত ক্রোধ থেকে ফিরেছ। 85:4 হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন; আমাদের প্রতি তোমার অসন্তোষ তুমি থামাও। 85:5 চিরকাল কি তুমি আমাদের উপর তোমার ক্রোধ বজায় রাখবে? বংশের পর বংশ ধরে কি তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েই থাকবে? 85:6 তোমার লোকেরা যাতে তোমাকে নিয়েই আনন্দিত হতে পারে সেজন্য কি তুমি তাদের আবার জীবিত করে তুলবে না? 85:7 হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা তুমি আমাদের দেখাও আর আমাদের উদ্ধার কর। 85:8 সদাপ্রভু ঈশ্বর যা বলবেন আমি তা শুনব; তাঁর লোকদের কাছে, তাঁর ভক্তদের কাছে তিনি শান্তির কথা বলবেন; কিন্তু তারা যেন আর বোকামির দিকে না ফেরে। 85:9 যারা তাঁকে ভক্তি করে সত্যিই তাঁর উদ্ধার করার সময় তাদের কাছে এসে গেছে; এতে তাঁর মহিমা আমাদের দেশে বাস করবে। 85:10 অটল ভালবাসা ও বিশ্বস্ততার মিলন ঘটবে; ন্যায় এবং মংগল একে অন্যকে চুম্বন করবে। 85:11 দেশের মাটি থেকে বিশ্বস্ততা গজিয়ে উঠবে; স্বর্গ থেকে ন্যায় নীচে তাকিয়ে দেখবে। 85:12 যা ভাল সদাপ্রভু সত্যিই তা দেবেন, আর আমাদের দেশ ফসল দান করবে। 85:13 ন্যায় তাঁর আগে আগে চলবে; সে তাঁরই পায়ের চিহ্নে চলার পথ গড়ে দেবে।