Library · bn

Psalms 86

86:1 হে সদাপ্রভু, আমার কথায় কান দাও আর আমাকে উত্তর দাও, কারণ আমি দুঃখী আর অভাবী। 86:2 আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত; হে আমার ঈশ্বর, যে দাস তোমার উপর নির্ভর করছে তাকে তুমি রক্ষা কর। 86:3 হে প্রভু, আমার প্রতি দয়া কর, কারণ আমি সারা দিন তোমাকেই ডাকি। 86:4 তোমার দাসের মনে আনন্দ দাও, কারণ হে প্রভু, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি। 86:5 হে প্রভু, তুমি মংগলময় ও ক্ষমাশীল; যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি ভালবাসায় ভরপুর। 86:6 হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কান দাও; আমার মিনতির কান্না তুমি শোন। 86:7 বিপদের দিনে আমি তোমাকে ডাকব, কারণ তুমি আমাকে উত্তর দেবে। 86:8 হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মত কেউ নেই; তোমার কাজের সংগে অন্য কোন কাজের তুলনা হয় না। 86:9 হে প্রভু, তোমার সৃষ্ট সমস্ত জাতি এসে তোমার সামনে শ্রদ্ধায় মাথা নত করবে; তারা তোমার গুণগান করবে। 86:10 তুমি মহান আর আশ্চর্য আশ্চর্য কাজ করে থাক; একমাত্র তুমিই ঈশ্বর। 86:11 হে সদাপ্রভু, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও, যাতে আমি তোমার সত্যে চলতে পারি; তোমাকে ভক্তি করার জন্য আমার দোটানা অন্তরকে তুমি এক কর। 86:12 হে প্রভু, আমার ঈশ্বর, আমি সমস্ত অন্তর দিয়ে তোমার গৌরব করব; চিরকাল তোমার গুণগান করব। 86:13 আমার প্রতি তোমার অটল ভালবাসার সীমা নেই; মৃতস্থানের সবচেয়ে নীচু জায়গা থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ। 86:14 হে ঈশ্বর, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; অত্যাচারীর দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে। তোমার প্রতি সেই লোকদের কোন ভক্তি নেই। 86:15 কিন্তু হে প্রভু, তুমি মমতায় পূর্ণ দয়াময় ঈশ্বর; তুমি সহজে অসন্তুষ্ট হও না, তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার সীমা নেই। 86:16 তুমি আমার দিকে ফেরো এবং আমাকে দয়া কর; তোমার দাসকে তোমার শক্তি দান কর; তোমার দাসীর ছেলেকে রক্ষা কর। 86:17 তোমার মংগল ইচ্ছার প্রমাণ আমাকে দেখাও, যাতে আমাকে যারা ঘৃণা করে তারা তা দেখে লজ্জা পায়; কারণ হে সদাপ্রভু, তুমিই আমাকে সাহায্য করেছ আর সান্ত্বনা দিয়েছ।