Library · bn

Psalms 94

94:1 হে সদাপ্রভু, অন্যায়ের শাস্তি দেবার অধিকারী ঈশ্বর, হে অন্যায়ের শাস্তি দেবার অধিকারী ঈশ্বর, তোমার আলো প্রকাশিত হোক। 94:2 হে জগতের বিচারকর্তা, তুমি ওঠো; অহংকারীদের যা পাওনা তা তুমি তাদের দাও। 94:3 আর কতকাল, হে সদাপ্রভু, আর কতকাল দুষ্ট লোকেরা আনন্দে মেতে থাকার সুযোগ পাবে? 94:4 তাদের মুখ থেকে কেবল দেমাক-ভরা কথার স্রোত বের হয়ে আসে; সেই অন্যায়কারীর দল বড়াই করে বেড়ায়। 94:5 হে সদাপ্রভু, তারা তোমার লোকদের দলে-পিষে মারছে; যারা তোমার নিজের সম্পত্তি তাদের উপর তারা জুলুম করছে। 94:6 বিধবা আর বিদেশীদের তারা মেরে ফেলছে আর অনাথদের খুন করছে। 94:7 তারা বলছে, “এদিকে সদাপ্রভুর চোখ নেই; যাকোবের ঈশ্বর খেয়াল করেন না।” 94:8 অসাড় অন্তরের লোকেরা, তোমরা কান দাও; ওহে বিবেচনাহীন লোকেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে? 94:9 যিনি কান সৃষ্টি করেছেন তিনি কি শুনতে পান না? যিনি চোখ গড়েছেন তাঁর কি দেখার শক্তি নেই? 94:10 যিনি সব জাতিকে শাসন করেন ও মানুষকে শিক্ষা দেন তিনি কি শাস্তি না দিয়ে থাকবেন? 94:11 সদাপ্রভু মানুষের সব চিন্তা জানেন; তিনি জানেন যে, সে সবই নিষ্ফল। 94:12 হে সদাপ্রভু, সেই লোক ধন্য যাকে তুমি শাসনে রাখ আর তোমার আইন-কানুুন শিক্ষা দাও, 94:13 যাতে বিপদের দিনে সে সাহস পায়, যে পর্যন্ত না দুষ্ট লোকদের জন্য গর্ত তৈরী শেষ হয়। 94:14 সদাপ্রভু কখনও তাঁর লোকদের ত্যাগ করবেন না; যারা তাঁর নিজের সম্পত্তি তাদের তিনি ফেলে দেবেন না। 94:15 বিচারের রায় আবার ন্যায়পূর্ণ হয়ে উঠবে; যাদের অন্তর খাঁটি তারা সবাই তা মেনে চলবে। 94:16 কে আমার পক্ষ হয়ে দুষ্টদের বিরুদ্ধে দাঁড়াবে? আমার পক্ষ হয়ে অন্যায়কারীদের বিরুদ্ধে কে দাঁড়াবে? 94:17 যদি সদাপ্রভু আমাকে সাহায্য না করতেন, তবে মৃত্যুর নীরবতায় চলে যেতে আমার দেরি হত না। 94:18 যখনই আমি ভাবি আমার পা পিছ্‌লে যাচ্ছে, তখনই হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা আমাকে ধরে রাখে। 94:19 আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়, তখন তোমার দেওয়া সান্ত্বনা আমার অন্তরকে আনন্দিত করে। 94:20 মন্দ শাসনকর্তারা মন্দ কাজের জন্য আইন তৈরী করে; তোমার সংগে তাদের কি কোন সম্বন্ধ থাকতে পারে? 94:21 তারা সৎ লোকের বিরুদ্ধে দল পাকায় আর নির্দোষকে মৃত্যুর শাস্তি দেবার জন্য দোষী বানায়। 94:22 কিন্তু সদাপ্রভুই আমার দুর্গ; আমার ঈশ্বরই আমার আশ্রয়-পাহাড়। 94:23 তাদের অন্যায় তিনি তাদেরই মাথার উপর নিয়ে আসবেন, তাদের দুষ্টতাতেই তিনি তাদের শেষ করে দেবেন; আমাদের ঈশ্বর সদাপ্রভুই তা করবেন।