Library · bn

Psalms 95

95:1 এস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দের গান গাই; আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশে আনন্দধ্বনি করি। 95:2 চল, আমরা ধন্যবাদ দিতে দিতে তাঁর সামনে যাই, গানের মধ্য দিয়ে তাঁর উদ্দেশে আনন্দধ্বনি করি। 95:3 সদাপ্রভুই মহান ঈশ্বর; সমস্ত দেব-দেবতার উপরে তিনিই মহান রাজা। 95:4 পৃথিবীর সব গভীর স্থান তাঁরই হাতে রয়েছে; পাহাড়ের চূড়াগুলোও তাঁর। 95:5 সমুদ্র তাঁর, কারণ তিনিই তা তৈরী করেছেন; ভূমিও তাঁর হাতে গড়া। 95:6 এস, আমরা মাথা নীচু করে তাঁকে শ্রদ্ধা জানাই; আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর সামনে হাঁটু পাতি। 95:7 তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাঁরই লোক; তাঁর চারণ ভূমির ভেড়ার মত তিনি আমাদের দেখাশোনা করেন। আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও! 95:8 তিনি বলেছেন, “তোমাদের পূর্বপুরুষদের মত তোমাদের অন্তর তোমরা কঠিন কোরো না; তারা মরু-এলাকার মধ্যে মরীবায় ও মঃসায় আমার পরীক্ষা করেছিল। যদিও তোমাদের পূর্বপুরুষেরা আমার কাজ দেখেছিল, তবুও তারা সেখানে আমাকে যাচাই করেছিল। 95:10 চল্লিশ বছর ধরে সেই সময়কার লোকদের উপর আমি বিরক্ত ছিলাম; আমি বলেছিলাম, ‘এই লোকদের অন্তর বিপথে ঘুরে বেড়াচ্ছে; তারা আমার পথ জানল না।’ 95:11 সেইজন্য আমি ক্রোধে শপথ করে বলেছিলাম, ‘আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না।’ ”