Psalms 97
97:1 সদাপ্রভুই রাজা; পৃথিবী আনন্দ করুক, দূর-দূরান্তের অসংখ্য দ্বীপ খুশী হোক।
97:2 তাঁর চারপাশে মেঘ ও অন্ধকার দিয়ে ঘেরা; সততা ও ন্যায়বিচারের উপর তাঁর সিংহাসন দাঁড়িয়ে আছে।
97:3 তাঁর আগে আগে চলছে আগুন; সেই আগুন তাঁর চারদিকের সব শত্রুদের পুড়িয়ে ফেলছে।
97:4 তাঁর বিদ্যুতের ঝলকে জগৎ আলোময় হয়েছিল; তা দেখে পৃথিবী কেঁপেছিল।
97:5 সদাপ্রভুর সামনে, সমস্ত দুনিয়ার প্রভুর সামনে পাহাড়-পর্বত মোমের মত গলে গিয়েছিল।
97:6 মহাকাশ তাঁর ন্যায়ের কথা ঘোষণা করছে, আর সমস্ত জাতি তাঁর গৌরব দেখছে।
97:7 যারা মূর্তিপূজা করে আর দেব-দেবতা নিয়ে বড়াই করে তারা সবাই লজ্জায় পড়ুক; সদাপ্রভুর সামনে দেব-দেবীরা মাথা নীচু করুক।
97:8 হে সদাপ্রভু, তোমার ন্যায়বিচারের কথা শুনে সিয়োন আনন্দিত হয়েছে, যিহূদার গ্রামগুলো খুশী হয়েছে।
97:9 হে সদাপ্রভু, তুমি সমস্ত পৃথিবীর মহান ঈশ্বর; সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান।
97:10 যারা সদাপ্রভুকে ভালবাসে তারা অন্যায়কে ঘৃণা করুক; তিনিই তো তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন আর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন।
97:11 ঈশ্বরভক্তদের জীবনে আলো দেওয়া হয়, আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয়।
97:12 হে ঈশ্বরভক্ত লোকেরা, সদাপ্রভুই যেন তোমাদের আনন্দের বিষয় হন। তোমরা তাঁর পবিত্রতার গৌরব কর।