Psalms 96
96:1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও; পৃথিবীর সব লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর।
96:2 সদাপ্রভুর উদ্দেশে গান গাও, তাঁর গৌরব কর; তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন প্রচার কর।
96:3 বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমার কথা ঘোষণা কর; সমস্ত লোকের মধ্যে তাঁর সব আশ্চর্য কাজের কথা ঘোষণা কর।
96:4 সদাপ্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; সব দেব-দেবতার চেয়ে তিনি বেশী ভয় জাগান।
96:5 বিভিন্ন জাতির দেব-দেবতারা অসার মাত্র, কিন্তু সদাপ্রভু মহাকাশের সৃষ্টিকর্তা।
96:6 তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা; তাঁর পবিত্র ঘরে রয়েছে শক্তি ও সৌন্দর্য।
96:7 হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী, স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।
96:8 তোমরা স্বীকার কর সমস্ত গৌরব সদাপ্রভুর; উৎসর্গের জিনিস নিয়ে তাঁর উঠানে এস।
96:9 সদাপ্রভুর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁকে শ্রদ্ধা জানাও; পৃথিবীর সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।
96:10 বিভিন্ন জাতির মধ্যে ঘোষণা কর, “সদাপ্রভুই রাজা। পৃথিবী অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না; তিনি ন্যায়ভাবে সব জাতিকে শাসন করবেন।”
96:11 আকাশ আনন্দ করুক, পৃথিবী খুশী হোক; সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;
96:12 মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক। তাহলে বনের সব গাছপালাও আনন্দে গান করবে;
96:13 তারা সদাপ্রভুর সামনে গান করবে, কারণ তিনি আসছেন। তিনি জগতের বিচার করতে আসছেন। তিনি ন্যায়ভাবে পৃথিবীর বিচার করবেন, আর জাতিদের বিচার করবেন বিশ্বস্তভাবে।