Library · bn

Proverbs 1

1:1 দায়ূদের ছেলে ইস্রায়েলের রাজা শলোমনের সৎ উপদেশ। 1:2 এগুলো লেখা হয়েছে যেন লোকে সুবুদ্ধি এবং শিক্ষা পায়, যেন তাদের বিচারবুদ্ধি বাড়ে, 1:3 যেন লোকে অন্যের সংগে বিবেচনা করে চলে, যেন সকলের সংগে তারা উপযুক্ত, ন্যায় ও সৎ ব্যবহার করে, 1:4 যেন বোকা লোকেরা চালাক হয় আর যুবকেরা জ্ঞান ও বিচারবুদ্ধি পায়, 1:5 - জ্ঞানীরা এই সব উপদেশ শুনুক ও আরও শিক্ষা লাভ করুক, আর বুদ্ধিমানেরা শুনে পথ চলায় পাকা হোক- 1:6 যেন লোকে চলতি কথা ও গভীর অর্থপূর্ণ কথা এবং জ্ঞানীদের বলা কথা ও ধাঁধা বুঝতে পারে। 1:7 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল জ্ঞানের ভিত্তি, কিন্তু যাদের বিবেক অসাড় তারা সুবুদ্ধি ও শিক্ষা তুচ্ছ করে। 1:8 ছেলে আমার, তুমি তোমার বাবার উপদেশে কান দাও; তোমার মায়ের দেওয়া শিক্ষা ত্যাগ কোরো না। 1:9 সেগুলো হবে তোমার মাথায় জড়াবার সুন্দর মালা আর গলার হারের মত। 1:10 ছেলে আমার, পাপীরা যদি তোমাকে বিপথে নিয়ে যেতে চায় তুমি রাজী হোয়ো না। 1:11 ধর, কেউ বলল, “আমাদের সংগে এস, খুন করবার জন্য চল আমরা ওৎ পেতে থাকি, কোন নির্দোষ লোককে ধরবার জন্য লুকিয়ে থাকি। 1:12 তারা যেমন সম্পূর্ণ শরীর নিয়ে জীবিত অবস্থায় মৃতস্থানে, অর্থাৎ সেই গর্তে নেমে যায়, তেমনি করেই এস, আমরা ওদের জীবিত অবস্থায় গোটাই গিলে ফেলি; 1:13 তাহলে আমরা নানা রকমের দামী জিনিস পাব, আর লুটের জিনিস দিয়ে আমাদের বাড়ী-ঘর ভরব। 1:14 আমাদের সংগেই তোমার ভাগ্য তুমি জুড়ে নাও, আমাদের টাকার থলি একটাই হবে।” 1:15 ছেলে আমার, তুমি ওদের সংগে যেয়ো না, ওদের পথে তোমার পা ফেলো না; 1:16 কারণ ওদের পা পাপের দিকে দৌড়ায়, খুন করবার জন্য ওরা ছুটে চলে। 1:17 লোকে বলে, “পাখীর চোখের সামনে জাল পাতলে কোন লাভ হয় না।” 1:18 এই লোকেরা নিজেরাই খুন হবার জন্য ওৎ পেতে থাকে, নিজেরাই শেষ হওয়ার জন্য লুকিয়ে থাকে। 1:19 মন্দ উপায়ে কোন কিছু লাভ করবার জন্য যারা ছোটে তাদের সকলের দশাই এই রকম হয়; তারা যা লাভ করে তা তাদের জীবন শেষ করে দেয়। 1:20 সুবুদ্ধি রাস্তায় রাস্তায় চিৎকার করে ডাকে, বাজারে বাজারে আওয়াজ তোলে। 1:21 গোলমাল-ভরা রাস্তার মোড়ে মোড়ে সে চিৎকার করে, শহরের ফটকে ঢুকবার পথে সে এই কথা বলে, 1:22 “বোকা লোকেরা, আর কতদিন তোমরা তোমাদের বোকামি ভালবাসবে? যারা ঠাট্টা-বিদ্রূপ করে তারা আর কতকাল তার মধ্যে আনন্দ পাবে? যারা বিবেচনাহীন তারা আর কতকাল জ্ঞানকে ঘৃণা করবে? 1:23 আমার শাসনের কথায় যদি তোমরা কান দিতে, তাহলে আমার আত্মা আমি তোমাদের উপরে ঢেলে দিতাম, আমার মনের কথা তোমাদের জানাতাম। 1:24 আমি যখন ডাকলাম তখন তোমরা আমাকে অগ্রাহ্য করলে, হাত বাড়িয়ে দিলেও কেউ তাতে সাড়া দিলে না। 1:25 তোমরা যখন আমার সব উপদেশই অগ্রাহ্য করলে, দোষ দেখিয়ে দিলেও তা গ্রহণ করতে চাইলে না, 1:26 তখন তোমাদের ধ্বংস দেখে আমি হাসব, তোমাদের উপর বিপদ নেমে আসলে তামাশা করব। 1:27 বিপদ ঝড়ের মত তোমাদের উপর নেমে আসলে, ধ্বংস ঘূর্ণিবাতাসের মত তোমাদের ঝেঁটিয়ে নিয়ে গেলে, দুঃখ-দুর্দশার মধ্যে তোমরা ডুবে গেলে, আমি তামাশা করব। 1:28 “বুদ্ধিহীনেরা তখন আমাকে ডাকবে কিন্তু আমি সাড়া দেব না; তারা আমার খোঁজ করবে কিন্তু আমাকে খুঁজে পাবে না। 1:29 তারা জ্ঞানকে ঘৃণা করেছে আর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করতে চায় নি। 1:30 সেইজন্য আমার উপদেশ তারা গ্রহণ করে নি, আর সংশোধনের জন্য আমি যা বলেছি তা পায়ে দলেছে; 1:31 কাজেই তাদের নিজেদের কাজের ফল তাদেরই ভোগ করতে হবে, বিদ্রূপ নিজেদের পরামর্শের ফল দিয়েই পেট ভরাতে হবে। 1:32 বোকা লোকদের বিপথে যাওয়াই তাদের মৃত্যুর কারণ হবে, বিবেচনাহীনদের নিশ্চিন্ত মনোভাব তাদের ধ্বংস করবে; 1:33 কিন্তু যারা আমার কথা শোনে তারা নিরাপদে বাস করবে; তারা শান্তিতে থাকবে, অমংগলের ভয় করবে না।”