Library · bn

Proverbs 2

2:1 ছেলে আমার, তুমি যদি আমার কথা শোন আর তোমার অন্তরের মধ্যে আমার সব আদেশ জমা করে রাখ, 2:2 যদি সুবুদ্ধির কথায় কান দাও আর বিচারবুদ্ধির দিকে মনোযোগ দাও, 2:3 যদি বিবেচনা-শক্তিকে ডাক আর চিৎকার করে ডাক বিচারবুদ্ধিকে, 2:4 যদি রূপা খুঁজবার মত করে সুবুদ্ধির খোঁজ কর আর গুপ্তধনের মত তা খুঁজে দেখ, 2:5 তাহলে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় কি, তা তুমি বুঝতে পারবে আর ঈশ্বর সম্বন্ধে জ্ঞান পাবে; 2:6 কারণ সদাপ্রভুই সুবুদ্ধি দান করেন, তাঁর মুখ থেকেই জ্ঞান ও বিচারবুদ্ধি বের হয়ে আসে। 2:7 খাঁটি অন্তরের লোকদের জন্য তিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন; যারা সততায় চলাফেরা করে তিনি তাদের ঢাল হন, 2:8 যেন তিনি ন্যায়বিচার বজায় রাখতে পারেন, আর তাঁর ভক্তদের পথ রক্ষা করতে পারেন। 2:9 যদি তুমি আমার কথা শোন, তাহলে বুঝতে পারবে কোনটা উপযুক্ত, ন্যায্য ও সৎ আর বুঝতে পারবে মংগলের সমস্ত পথ; 2:10 কারণ সুবুদ্ধি তোমার অন্তরে ঢুকবে, আর জ্ঞান তোমার প্রাণে আনন্দ দেবে। 2:11 তোমার ভাল-মন্দ বুঝবার শক্তি তোমাকে রক্ষা করবে, আর বিচারবুদ্ধি তোমাকে পাহারা দেবে। 2:12 এতে দুষ্ট লোকদের পথ থেকে জ্ঞানই তোমাকে রক্ষা করবে; রক্ষা করবে তাদের থেকে- যারা মিথ্যা কথা বলে, 2:13 যারা অন্ধকার পথে চলবার জন্য সোজা পথ ত্যাগ করে, 2:14 যারা মন্দ কাজে আনন্দ পায়, মন্দতার কুটিল পথেই যাদের আনন্দ, 2:15 আর যারা বাঁকা পথে ও বিপথে চলে। 2:16 জ্ঞানই তোমাকে রক্ষা করবে ব্যভিচারিণীর হাত থেকে, মিষ্টি কথায় ভরা বিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে। 2:17 সে তার যৌবনকালের স্বামীকে ছেড়ে দিয়েছে আর তার ঈশ্বরের স্থাপন করা ব্যবস্থা অমান্য করেছে। 2:18 তুমি তার ঘরে ঢুকলে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, তার সংগে যোগ দিলে মৃতদের কাছে পৌঁছাবে। 2:19 যারা তার কাছে যায় তাদের কেউ আর ফিরে আসে না, তারা বাঁচবার পথ পায় না। 2:20 জ্ঞানই তোমাকে ঐ সব থেকে রক্ষা করবে যাতে তুমি ভাল লোকদের পথে, ঈশ্বরভক্তদের পথে চলতে পার। 2:21 সৎ লোকেরাই দেশে বাস করতে পারবে, নির্দোষ লোকেরাই তার মধ্যে টিকে থাকবে; 2:22 কিন্তু দেশ থেকে দুষ্টদের ছেঁটে ফেলা হবে আর অবিশ্বস্তদের উপ্‌ড়ে ফেলা হবে।