Proverbs 10
10:1 শলোমনের সৎ উপদেশ। জ্ঞানী ছেলে বাবার জীবনে আনন্দ আনে, কিন্তু বিবেচনাহীন ছেলে মায়ের জীবনে দুঃখ আনে।
10:2 অন্যায়ভাবে পাওয়া ধনে কোন লাভ হয় না, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি মৃত্যু থেকে উদ্ধার করে।
10:3 সদাপ্রভু তাঁর ভক্তদের খিদেয় কষ্ট পেতে দেন না, কিন্তু তিনি দুষ্টদের কামনা-বাসনা পূর্ণ হতে দেন না।
10:4 অলসতা মানুষকে গরীব করে, কিন্তু পরিশ্রম ধন নিয়ে আসে।
10:5 জ্ঞানী ছেলে গরমকালে ফসল জমা করে, কিন্তু লজ্জাদায়ী ছেলে ফসল কাটবার সময় ঘুমিয়ে থাকে।
10:6 ঈশ্বরভক্তদের মাথায় অনেক আশীর্বাদ নেমে আসে, কিন্তু দুষ্টদের অত্যাচারী মনোভাব তাদের মুখের কথায় ঢাকা পড়ে।
10:7 ঈশ্বরভক্ত লোকদের স্মৃতি আশীর্বাদ আনে, কিন্তু দুষ্টদের নাম পচে যায়।
10:8 যার অন্তরে জ্ঞান আছে সে আদেশ মানে, কিন্তু বকবক করা অসাড়-বিবেক লোক ধ্বংস হয়ে যাবে।
10:9 যে সততায় চলে সে নিশ্চিন্তে চলাফেরা করে, কিন্তু যে বাঁকা পথে চলে সে ধরা পড়বে।
10:10 যে লোক চোখ টিপে ইশারা করে সে দুঃখ দেয়; বকবক করা অসাড়-বিবেক লোক ধ্বংস হয়ে যাবে।
10:11 ঈশ্বরভক্তের মুখ জীবনের ফোয়ারার মত, কিন্তু দুষ্টদের অত্যাচারী মনোভাব তাদের মুখের কথায় ঢাকা পড়ে।
10:12 ঘৃণা ঝগড়া-বিবাদ জাগিয়ে তোলে, কিন্তু ভালবাসা সমস্ত অন্যায় ঢেকে রাখে।
10:13 যাদের বিচারবুদ্ধি আছে তাদের মুখে জ্ঞান পাওয়া যায়, কিন্তু যাদের বুদ্ধি নেই তাদের পিঠের জন্য আছে লাঠি।
10:14 জ্ঞানী লোক জ্ঞান জমা করে, কিন্তু অসাড়-বিবেকের মুখ সর্বনাশ ডেকে আনে।
10:15 ধনীর ধনই তাদের দেয়াল-ঘেরা শহর; গরীবদের অভাবই হল তাদের সর্বনাশ।
10:16 ঈশ্বরভক্তদের মজুরি হল পরিপূর্ণ জীবন, কিন্তু দুষ্টদের আয়ে পাপের বৃদ্ধি হয়।
10:17 যে শাসন মানে সে জীবনের পথে চলে, কিন্তু যে সংশোধনের কথা অগ্রাহ্য করে সে বিপথে যায়।
10:18 যে লোক তার মনের মধ্যে ঘৃণা গোপন করে রাখে সে মিথ্যা কথা বলে; যে লোক নিন্দা রটায় সে বিবেচনাহীন।
10:19 বেশী কথার মধ্যে অন্যায় উপস্থিত থাকে, কিন্তু যে তার মুখ দমনে রাখে সে বুদ্ধিমান।
10:20 ঈশ্বরভক্তদের জিভ্ খাঁটি রূপার মত, কিন্তু দুষ্টদের অন্তরের দাম কম।
10:21 ঈশ্বরভক্তদের মুখ অনেককে লালন-পালন করে, কিন্তু বুদ্ধির অভাবে অসাড়-বিবেক লোকেরা মারা পড়ে।
10:22 সদাপ্রভু যাকে আশীর্বাদ করেন সে-ই ধনী; সেই আশীর্বাদে কোন দুঃখ-কষ্ট থাকে না।
10:23 মন্দ কাজ করা বিবেচনাহীনের আনন্দ, কিন্তু বুদ্ধিমানের আনন্দের বিষয় হল জ্ঞান।
10:24 দুষ্ট লোকেরা যা ভয় করে তা-ই তাদের উপর ঘটবে, কিন্তু ঈশ্বরভক্তদের ইচ্ছা পূরণ করা হবে।
10:25 ঘুর্ণিঝড় বয়ে গেলে দুষ্ট আর থাকে না, কিন্তু যে ঈশ্বরভক্ত সে চিরকাল অটল থাকে।
10:26 দাঁতে সির্কা আর চোখে ধূমা লাগলে যেমন কষ্ট হয়, তেমনি যারা অলসকে কোথাও পাঠায় তারা কষ্ট পায়।
10:27 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় আয়ু বাড়ায়, কিন্তু দুষ্টদের আয়ু কমিয়ে দেওয়া হবে।
10:28 ঈশ্বরভক্তদের আশায় আনন্দ আছে, কিন্তু দুষ্টদের আশায় ছাই পড়বে।
10:29 সদাপ্রভুর পথ সৎ লোকদের জন্য দুর্গের মত, কিন্তু যারা মন্দ কাজ করে তাদের জন্য তা সর্বনাশ।
10:30 ঈশ্বরভক্ত লোকেরা সব সময় অটল থাকবে, কিন্তু দুষ্ট লোকেরা দেশে বাস করতে পারবে না।
10:31 ঈশ্বরভক্তদের মুখ থেকে জ্ঞানের কথা বের হয়, কিন্তু যে জিভ্ বাঁকা কথা বলে তা কেটে ফেলা হবে।
10:32 ঈশ্বরভক্তদের মুখ উপযুক্ত কথা বলতে জানে, কিন্তু দুষ্টদের মুখ কেবল বাঁকা কথাই বলে।