Proverbs 9
9:1 সুবুদ্ধি তার ঘর তৈরী করেছে; পাথর কেটে সে সাতটা থাম তৈরী করেছে।
9:2 সে পশু কেটে মাংস রান্না করেছে এবং আংগুর-রসের সংগে মশলা মিশিয়েছে; সে খাবার দিয়ে টেবিল সাজিয়েছে।
9:3 সে তার চাকরাণীদের সব জায়গায় পাঠিয়ে দিয়েছে, আর শহরের সবচেয়ে উঁচু জায়গা থেকে সে ডাক দিয়ে বলছে,
9:4 “বোকা লোকেরা এখানে আসুক।” যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,
9:5 “এস, আমার খাবার খাও, আমার মশলা মেশানো আংগুর-রস খাও;
9:6 তুমি বোকা লোকদের সংগ ছেড়ে দাও, তাতে তুমি বাঁচবে; তুমি বিচারবুদ্ধির পথে চলাফেরা কর।”
9:7 ঠাট্টা-বিদ্রূপ কারীকে যে সংশোধন করতে যায় সে অপমানিত হয়; দুষ্ট লোকের দোষ যে দেখিয়ে দেয় তাকেই সেই দুষ্ট লোক দোষী করে।
9:8 ঠাট্টা-বিদ্রূপ কারীর দোষ দেখিয়ে দিয়ো না, দিলে সে তোমাকে ঘৃণা করবে; বরং জ্ঞানী লোককে তার দোষ দেখিয়ে দাও, সে তোমাকে ভালবাসবে।
9:9 জ্ঞানী লোককে উপদেশ দাও, তাতে সে আরও জ্ঞানী হবে; ঈশ্বরভক্ত লোককে শিক্ষা দাও, সে আরও শিক্ষা লাভ করবে।
9:10 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল সুবুদ্ধির ভিত্তি; সেই পবিত্রজনকে জানতে পারলে বিচারবুদ্ধি লাভ হয়।
9:11 সুবুদ্ধি বলে, “আমার মধ্য দিয়ে তুমি অনেক দিন বেঁচে থাকবে, তোমার আয়ু আরও অনেক বছর বেড়ে যাবে।
9:12 তুমি যদি জ্ঞানী হও তবে তোমার নিজের লাভ হবে, কিন্তু যদি ঠাট্টা-বিদ্রূপ কারী হও তবে তুমি একাই কষ্ট পাবে।”
9:13 নির্বুদ্ধি স্ত্রীলোকের মত যে গলাবাজি করে সে কোন বাধা মানে না, তার জ্ঞান নেই।
9:14 সে তার ঘরের দরজার পাশে শহরের সবচেয়ে উঁচু জায়গার আসনে বসে।
9:15 যারা সেই পথ দিয়ে সোজা নিজের নিজের পথে যায় তাদের সে ডেকে বলে,
9:16 “বোকা লোকেরা এখানে আসুক।” যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,
9:17 “চুরি করা জল মিষ্টি; যে খাবার লুকিয়ে খাওয়া হয় তা খুব স্বাদ লাগে।”
9:18 কিন্তু তারা জানেই না যে, মৃতেরা সেখানে থাকে; সেই স্ত্রীলোকের নিমন্ত্রিত লোকেরা মৃতস্থানের গভীরে থাকে।