Proverbs 14
14:1 বুদ্ধিমতী স্ত্রীলোক তার সংসারের উন্নতি করে, কিন্তু যে স্ত্রীলোকের বিবেক অসাড় সে নিজেই তার সংসারের ভাংগন ধরায়।
14:2 যে সততায় চলে সে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে, কিন্তু যে বাঁকা পথে চলে সে তাঁকে তুচ্ছ করে।
14:3 যার বিবেক অসাড় তার কথাবার্তায় অহংকার প্রকাশ পায়, কিন্তু জ্ঞানীরা তাদের কথার দ্বারা রক্ষা পায়।
14:4 গরু না থাকলে যাবপাত্র খালি থাকে, কিন্তু বলদের শক্তি দ্বারা প্রচুর ফসল পাওয়া যায়।
14:5 বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে না, কিন্তু অবিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে।
14:6 যে ঠাট্টা-বিদ্রূপ করে সে জ্ঞানের খোঁজ করেও পায় না, কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সহজেই জ্ঞান লাভ করে।
14:7 বিবেচনাহীন লোকের কাছ থেকে তুমি চলে যাও, কারণ তার মুখে তুমি জ্ঞানের কথা পাবে না।
14:8 বিচারবুদ্ধি অনুসারে চলা হল সতর্ক লোকের জ্ঞান, কিন্তু ছলনা হল বিবেচনাহীন লোকের নির্বুদ্ধিতা।
14:9 অসাড়-বিবেক লোকেরা তাদের দোষ দিয়ে একে অন্যের সংগে বাঁধা থাকে, কিন্তু সৎ লোকেরা বাঁধা থাকে মংগল করবার ইচ্ছা দিয়ে।
14:10 যার অন্তর তেতো সে তা নিজেই বোঝে; একজনের অন্তরের আনন্দের ভাগী অন্যে হতে পারে না।
14:11 দুষ্টদের বাড়ী ধ্বংস হয়ে যাবে, কিন্তু সৎ লোকদের তাম্বু বড় থেকে আরও বড় হবে।
14:12 একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়, কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু।
14:13 হাসবার সময়েও মনে ব্যথা থাকতে পারে, আর আনন্দের শেষে দুঃখ থাকতে পারে।
14:14 অবিশ্বস্ত লোকেরা নিজেদের আচার-ব্যবহারে তৃপ্ত হয়, কিন্তু ভাল লোকেরা নিজেদের আচার-ব্যবহারে আরও বেশী তৃপ্ত হয়।
14:15 বোকা লোক সব কথাই বিশ্বাস করে, কিন্তু সতর্ক লোক বিচারবুদ্ধি খাটিয়ে চলে।
14:16 জ্ঞানী লোক মন্দকে ভয় করে তা থেকে সরে যায়, কিন্তু বিবেচনাহীন লোক নিজের উপর বেশী বিশ্বাস করে দুঃসাহসী হয়।
14:17 বদমেজাজী লোক বোকার মত কাজ করে, আর কুমতলবকারীকে সবাই ঘৃণা করে।
14:18 বোকা লোকেরা পাওনা হিসাবে পায় নির্বুদ্ধিতা, আর সতর্ক লোকেরা পুরস্কার হিসাবে পায় জ্ঞান।
14:19 মন্দ লোকেরা ভাল লোকদের সামনে নত হয়, আর দুষ্টেরা ঈশ্বরভক্ত লোকদের দরজার কাছে নত হয়।
14:20 গরীবকে তার প্রতিবেশীরা পর্যন্ত অপছন্দ করে, কিন্তু ধনীর অনেক বন্ধু থাকে।
14:21 যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে সে পাপ করে, কিন্তু যে অভাবীদের প্রতি দয়া করে সে ধন্য।
14:22 যারা মন্দ কাজ করবার ফন্দি আঁটে তারা কি বিপথে যায় না? কিন্তু যারা মংগল করবার পরিকল্পনা করে তাদের জন্য আছে বিশ্বস্ততা ও সততা।
14:23 সমস্ত পরিশ্রম লাভ নিয়ে আসে, কিন্তু শুধু কথাবার্তা কেবল অভাবের দিকে নিয়ে যায়।
14:24 জ্ঞানীদের পুরস্কার হল তাদের ধন, কিন্তু বিবেচনাহীনদের বোকামি আরও বোকামির জন্ম দেয়।
14:25 যে সাক্ষী সত্যি কথা বলে সে অন্যের জীবন রক্ষা করে, কিন্তু মিথ্যা সাক্ষী ছলনা করে।
14:26 সদাপ্রভুর প্রতি ভক্তিপুর্ণ ভয় থেকে দৃঢ় নিশ্চয়তা আসে আর তার ছেলেমেয়েদের জন্য আশ্রয়স্থান থাকে।
14:27 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় জীবনের ফোয়ারার মত; তা লোককে মৃত্যুর ফাঁদ থেকে দূরে রাখে।
14:28 লোকসংখ্যা বেশী হলে রাজার গৌরব হয়, কিন্তু প্রজা কম থাকলে রাজার সর্বনাশ হয়।
14:29 যে লোক সহজে রাগ করে না সে খুব বুদ্ধিমান, কিন্তু যে লোক হঠাৎ রেগে যায় সে বোকামি তুলে ধরে।
14:30 শান্ত মন দেহকে সুস্থ রাখে, কিন্তু হিংসা দেহকে অসুস্থ করে তোলে।
14:31 যে লোক গরীবের উপর অত্যাচার করে সে তার সৃষ্টিকর্তাকে অপমান করে, কিন্তু যে লোক অভাবীকে দয়া করে সে তার সৃষ্টিকর্তাকে সম্মান করে।
14:32 দুষ্টদের অন্যায় কাজ তাদের পতন ঘটায়, কিন্তু ঈশ্বরভক্ত লোকদের মৃত্যুর সময়েও আশা থাকে।
14:33 যাদের বিচারবুদ্ধি আছে তাদের অন্তরে জ্ঞান শান্তভাবে থাকে, কিন্তু বিবেচনাহীনেরা তাদের জ্ঞান জাহির করবার জন্য ব্যস্ত হয়।
14:34 ঈশ্বরের প্রতি ভক্তি জাতিকে সম্মানিত করে কিন্তু পাপ জাতিকে অসম্মানে ফেলে।
14:35 যে কর্মচারী বুদ্ধি করে কাজ করে রাজা তাকে সুনজরে দেখেন, কিন্তু যে কর্মচারী লজ্জাপূর্ণ কাজ করে সে তাঁর রাগের পাত্র হয়।