Library · bn

Proverbs 15

15:1 নরম উত্তর রাগ দূর করে, কিন্তু কড়া কথা রাগ জাগিয়ে তোলে। 15:2 জ্ঞানী লোকদের মুখ জ্ঞান ভালভাবে ব্যবহার করে, কিন্তু বিবেচনাহীনদের মুখ থেকে বোকামি স্রোতের মত বের হয়ে আসে। 15:3 সদাপ্রভুর চোখ সবখানেই আছে; তা ভাল ও মন্দ লোকদের উপর নজর রাখে। 15:4 যে কথা মানুষের জীবনে সুস্থতা আনে তা জীবন-গাছের মত, কিন্তু ছলনার কথা মানুষের মন ভেংগে দেয়। 15:5 অসাড়-বিবেক লোক তার বাবার শাসনকে তুচ্ছ করে, কিন্তু সতর্ক লোক সংশোধনের কথায় কান দেয়। 15:6 ঈশ্বরভক্তদের ঘর হল মহাধনের ভাণ্ডার, কিন্তু দুষ্টদের আয় বিপদ ডেকে আনে। 15:7 জ্ঞানীদের মুখ জ্ঞান ছড়ায়, কিন্তু বিবেচনাহীনদের অন্তর তা করে না। 15:8 দুষ্টদের উৎসর্গ সদাপ্রভু ঘৃণা করেন, কিন্তু খাঁটি লোকদের প্রার্থনায় তিনি খুশী হন। 15:9 সদাপ্রভু দুষ্টদের পথ ঘৃণা করেন, কিন্তু যারা ন্যায় কাজ করবার জন্য এগিয়ে যায় তাদের তিনি ভালবাসেন। 15:10 যারা ঠিক পথ ত্যাগ করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে; যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে মরবে। 15:11 সদাপ্রভু তো ধ্বংসস্থান, অর্থাৎ মৃতস্থান দেখতে পান; তাহলে মানুষের অন্তর তিনি আরও কত বেশী করেই না দেখতে পাচ্ছেন! 15:12 ঠাট্টা-বিদ্রূপ কারী সংশোধনের কথা পছন্দ করে না; সে জ্ঞানীদের কাছে যায় না। 15:13 অন্তরে আনন্দ থাকলে মুখও খুশী দেখায়, কিন্তু অন্তরের ব্যথায় মন ভেংগে যায়। 15:14 যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের খোঁজ করে, কিন্তু বিবেচনাহীনের খাবার হল বোকামি। 15:15 দুঃখীর সব দিনগুলোই কষ্টে ভরা, কিন্তু যার মন খুশী থাকে তার সব দিনই যেন ভোজের দিন। 15:16 অশান্তির সংগে প্রচুর ধন লাভের চেয়ে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের সংগে অল্পও ভাল। 15:17 ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়ে গরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল। 15:18 রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে, কিন্তু যে লোক সহজে রাগ করে না সে ঝগড়া থামিয়ে দেয়। 15:19 অলসের পথ দু’পাশে কাঁটার বেড়া দেওয়া পথের মত, কিন্তু সৎ লোকের পথ যেন রাজপথ। 15:20 জ্ঞানী ছেলে বাবার জীবনে আনন্দ আনে, কিন্তু বিবেচনাহীন লোক মাকে তুচ্ছ করে। 15:21 যার বুদ্ধির অভাব আছে সে বোকামিতে আনন্দ পায়, কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সোজা পথে হাঁটে। 15:22 পরামর্শের অভাবে পরিকল্পনা মিথ্যা হয়ে যায়, কিন্তু পরামর্শদাতা অনেক হলে পরিকল্পনা সফল হয়। 15:23 যে লোক উপযুক্ত উত্তর দিতে পারে সে খুশী হয়; ঠিক সময়ে বলা কথা কেমন ভাল! 15:24 বুদ্ধিমান লোকের জীবনের পথ তাকে উপরের দিকে নিয়ে যায়, আর তাতে সে নীচে মৃতস্থানে যাওয়া থেকে রক্ষা পায়। 15:25 সদাপ্রভু অহংকারীদের বাড়ী ভেংগে ফেলেন, কিন্তু তিনি বিধবার সীমানা ঠিক রাখেন। 15:26 সদাপ্রভু সব কুমতলব ঘৃণা করেন, কিন্তু মংগলের কথাবার্তা তাঁর চোখে খাঁটি। 15:27 লোভী লোক তার পরিবারে কষ্ট নিয়ে আসে, কিন্তু যে লোক ঘুষ ঘৃণা করে সে পরিপূর্ণ জীবন পাবে। 15:28 ঈশ্বরভক্ত লোকের অন্তর চিন্তা করে উত্তর দেয়, কিন্তু দুষ্টদের মুখ থেকে মন্দ কথার স্রোত বের হয়ে আসে। 15:29 সদাপ্রভু দুষ্টদের থেকে দূরে থাকেন, কিন্তু তিনি ঈশ্বরভক্তদের প্রার্থনা শোনেন। 15:30 আনন্দে ভরা চোখ অন্যকে আনন্দ দেয়, আর মংগলের খবর হাড়-মাংসকে পুষ্ট করে। 15:31 যে লোক জীবনদানকারী সংশোধনের কথায় কান দেয় সে জ্ঞানীদের মধ্যে বাস করবে। 15:32 যে লোক শাসন অগ্রাহ্য করে সে নিজেকেই তুচ্ছ করে, কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে বুদ্ধি লাভ করে। 15:33 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় মানুষকে জ্ঞান শিক্ষা দেয়, আর নম্রতা সম্মান আনে।