Proverbs 16
16:1 মানুষ মনে মনে পরিকল্পনা করে, কিন্তু মুখ দিয়ে তা প্রকাশ করবার ক্ষমতা সদাপ্রভুর কাছ থেকে আসে।
16:2 মানুষের সব পথই তার নিজের কাছে নির্দোষ, কিন্তু সদাপ্রভু তার উদ্দেশ্যগুলো ওজন করে দেখেন।
16:3 তুমি যা-ই কর না কেন তার ভার সদাপ্রভুর উপর ফেলে দাও; তাতে তোমার পরিকল্পনা সফল হবে।
16:4 সদাপ্রভু সব কিছু তৈরী করেছেন তাদের নিজের নিজের উদ্দেশ্য অনুসারে; দুষ্টকেও তিনি দুর্দশা-দিনের জন্যই ঠিক করে রেখেছেন।
16:5 যাদের অন্তর গর্বিত তাদের সবাইকে সদাপ্রভু ঘৃণার চোখে দেখেন; তোমরা নিশ্চয়ই জেনো তারা শাস্তি পাবেই পাবে।
16:6 বিশ্বস্ততা ও সততার মধ্য দিয়ে অন্যায় দূর করা যায়; সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ে মানুষ মন্দতা থেকে সরে যায়।
16:7 মানুষের জীবন দেখে যখন সদাপ্রভু সন্তুষ্ট হন তখন তিনি তার শত্রুদেরও তার সংগে শান্তিতে বাস করান।
16:8 অন্যায় বিচারের সংগে প্রচুর লাভের চেয়ে ন্যায়বিচারের সংগে অল্পও ভাল।
16:9 মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে, কিন্তু তার পায়ের ধাপ সদাপ্রভুই পরিচালনা করেন।
16:10 রাজার মুখে বিচারের ন্যায্য রায় থাকে; তাঁর কথা ন্যায়বিচারের বিরুদ্ধে যায় না।
16:11 সঠিক দাঁড়িপাল্লা ও নিক্তি সদাপ্রভুর; থলির সঠিক বাটখারাগুলো তাঁর চোখে ভাল।
16:12 রাজার পক্ষে অন্যায় কাজ করা একটা জঘন্য ব্যাপার, কারণ ন্যায় কাজের মধ্য দিয়ে সিংহাসন স্থির থাকে।
16:13 সত্যবাদী মুখ রাজাদের আনন্দ দেয়; যে লোক সত্যি কথা বলে রাজারা তাকে ভালবাসেন।
16:14 রাজার রাগ মৃত্যুর দূতের মত, কিন্তু জ্ঞানী লোক সেই রাগ শান্ত করে।
16:15 রাজা সন্তুষ্ট হলে জীবন বাঁচে; তাঁর দয়া বসন্তকালের বৃষ্টির মেঘের মত।
16:16 সোনার চেয়ে জ্ঞান লাভ করা কত ভাল! আর রূপার চেয়ে বিচারবুদ্ধি লাভ করা কত পছন্দনীয়!
16:17 মন্দ থেকে সরে যাওয়াই হল সৎ লোকদের জীবনের পথ; যে লোক তার জীবন-পথের দিকে খেয়াল রাখে সে তার প্রাণ রক্ষা করে।
16:18 অহংকার ধ্বংস আনে আর গর্বে ভরা মন পতন আনে।
16:19 অহংকারীদের সংগে লুটের জিনিস ভাগ করে নেওয়ার চেয়ে নম্র মনোভাব নিয়ে অত্যাচারিতদের সংগে থাকা অনেক ভাল।
16:20 যে লোক ঈশ্বরের বাক্যে কান দেয় তার মংগল হয়, আর যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে ধন্য।
16:21 যার অন্তরে জ্ঞান আছে তাকে বুদ্ধিমান বলা হয়, আর মিষ্টি কথায় কাউকে শিক্ষা দিলে তার জ্ঞান বাড়ে।
16:22 যার বুদ্ধি আছে সেই বুদ্ধি তার কাছে জীবনের ফোয়ারার মত; অসাড়-বিবেক লোকদের বোকামিই তাদের শাস্তি।
16:23 জ্ঞানী লোকের অন্তর তার মুখকে পরিচালনা করে, তাতে তার শিক্ষায় অন্যদের জ্ঞান বাড়ে।
16:24 মিষ্টি কথা মৌচাকের মত; অন্তরের জন্য তা মধুর আর তা দেহকে সুস্থ রাখে।
16:25 একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়, কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু।
16:26 খিদে মানুষকে পরিশ্রম করায়; তার পেটের খিদে তাকে কাজ করতে বাধ্য করে।
16:27 নীচমনা লোক মন্দ কাজ করবার জন্য ষড়যন্ত্র করে; তার কথাবার্তা ঝল্সে দেওয়া আগুনের মত।
16:28 যে লোক কুটিল সে ঝগড়া খুঁচিয়ে তোলে, আর যে লোক নিন্দা রটায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়।
16:29 অত্যাচারী লোকের জীবন দেখে অন্যেরা লোভে পড়ে আর কুপথে যায়।
16:30 যে লোক চোখ টেপে সে কুমতলব করে; যে লোক ঠোঁট বাঁকায় সে মন্দ কাজ করবে বলে ঠিক করেছে।
16:31 পাকা চুল হল সৌন্দর্যের মুকুট; ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটিয়ে তা পাওয়া যায়।
16:32 যে সহজে রাগ করে না সে যোদ্ধার চেয়ে ভাল; যে শহর জয় করে তার চেয়ে যে নিজেকে দমনে রাখে সে ভাল।
16:33 লোকে গুলিবাঁট করে, কিন্তু তার ফলাফল সদাপ্রভুই ঠিক করেন।