Song of Songs 6
6:1 হে সেরা সুন্দরী, তোমার প্রিয় কোথায় গেছেন? তিনি কোন্দিকের পথ ধরেছেন? বল, যাতে আমরা তোমার সংগে তাঁর খোঁজ করতে পারি।
6:2 আমার প্রিয় গেছেন তাঁর বাগানে সুগন্ধি মশলার বীজতলায়; গেছেন খেয়ে বেড়াবার জন্য আর লিলি ফুল তুলবার জন্য।
6:3 আমি আমার প্রিয়েরই এবং তিনি আমারই, তিনি লিলি ফুলের বনে চরেন।
6:4 প্রিয়া আমার, তুমি তির্সা শহরের মত সুন্দরী, যিরূশালেমের মত চমৎকার; নিশান উড়ানো সৈন্যদলের মত তোমার জাঁকজমক।
6:5 আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও; ও দু’টা আমাকে ব্যাকুল করে তোলে। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল।
6:6 তোমার দাঁতগুলো যেন স্নান করে আসা ভেড়ীর পাল; তাদের প্রত্যেকটারই জোড়া আছে, কোনটাই হারিয়ে যায় নি।
6:7 ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশ যেন আধখানা করা ডালিম।
6:8 ষাটজন রাণী, আশিজন উপস্ত্রী আর অসংখ্য মেয়ে থাকতে পারে,
6:9 কিন্তু আমার ঘুঘু, আমার নিখুঁত জনের মত আর কেউ নেই। সে তার মায়ের একমাত্র মেয়ে, যিনি তাকে গর্ভে ধরেছিলেন তাঁর আদরের মেয়ে। মেয়েরা তাকে দেখে ধন্যা বলল আর রাণীরা ও উপস্ত্রীরা তার প্রশংসা করলেন।
6:10 তাঁরা বললেন, “কে সে, যে ভোরের মত দেখা দেয়, চাঁদের মত সুন্দরী, সূর্যের মত উজ্জ্বল, আর নিশান উড়ানো সৈন্যদলের মত যার জাঁকজমক?”
6:11 উপত্যকার নতুন চারাগুলো দেখতে, আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না দেখতে, আর ডালিম গাছে ফুল ফুটেছে কি না দেখতে আমি নেমে বাদাম গাছের বনে গেলাম।
6:12 আমি কিছু বুঝবার আগেই আমার বাসনা আমাকে আমার জাতির রাজার রথগুলোর একটার মধ্যে বসিয়ে দিল।
6:13 হে শূলম্মীয়া, ফিরে এস, ফিরে এস; আমরা যেন তোমাকে দেখতে পাই সেইজন্য ফিরে এস, ফিরে এস। তোমরা মহনয়িমের নাচ দেখার মত করে কেন শূলম্মীয়াকে দেখতে চাইছ?