Library · bn

Song of Songs 7

7:1 হে রাজকন্যা, জুতার মধ্যে তোমার পা দু’খানা দেখতে কেমন সুন্দর! তোমার দুু’টি উরুর গড়ন মণি-মাণিকের মত, তা যেন পাকা কারিগরের হাতের কাজ। 7:2 তোমার নাভি দেখতে গোল পাত্রের মত যার মধ্যে মেশানো আংগুর-রসের অভাব হয় না। তোমার পেট দেখতে উড়ানো গমের স্তূপের মত যার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা। 7:3 তোমার বুক দু’টা যেন হরিণের দু’টা বাচ্চা, কৃষ্ণসারের যমজ বাচ্চা। 7:4 হাতির দাঁতের উঁচু পাহারা-ঘরের মত তোমার গলা, তোমার চোখ দু’টি বৎ-রব্বীমের ফটকের কাছে হিষ্‌বোনের পুকুরগুলোর মত। তোমার নাক যেন দামেস্কের দিকে মুখ করা লেবাননের উঁচু পাহারা-ঘর। 7:5 তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত; চক্‌চকে মোলায়েম কাপড়ের মতই তোমার চুল; সেই চুলের গোছায় রাজা বন্দী হয়ে আছেন। 7:6 হে আমার প্রিয়া, আমার আনন্দ দানকারিনী, তুমি কি সুন্দর, কি চমৎকার! 7:7 তোমার গড়ন খেজুর গাছের মত, আর বুক দু’টা যেন আংগুরের দু’টা থোকা। 7:8 আমি বললাম, “আমি খেজুর গাছে উঠব, আমি তার ফল ধরব।” তোমার বুক দু’টা হোক আংগুরের থোকা, তোমার নিঃশ্বাসের গন্ধ হোক আপেলের মত, 7:9 আর তোমার মুখ হোক সবচেয়ে ভাল আংগুর-রস। সেই আংগুর-রস সোজা আমার প্রিয়ের গলায় নেমে যাক, যেমন ঘুমিয়ে থাকা লোকদের ঠোঁটের মধ্য দিয়ে আংগুর-রস সহজে চলে যায়। 7:10 আমি আমার প্রিয়ের, তাঁর কামনা-বাসনা আমারই জন্য। 7:11 প্রিয় আমার, চল, আমরা মাঠে যাই, মেহেদী ঝোপের মধ্যে গিয়ে রাত কাটাই। 7:12 চল, আমরা ভোর বেলাতেই আংগুর ক্ষেতে যাই, দেখি, আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না, তাতে ফুল ধরেছে কি না আর ডালিমের ফুল ফুটেছে কি না; আমি সেখানেই তোমাকে আমার ভালবাসা দান করব। 7:13 দূদাফল তার সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে; তাজা ও পাকা সব রকম ভাল ভাল ফল আমাদের দরজার কাছেই আছে। প্রিয় আমার, আমি তোমার জন্যই এই সব রেখেছি।