Library · bn

Job 26

26:1 তখন জবাবে আইয়ুব বললেন, 26:2 “তুমি শক্তিহীনকে এ কেমন সাহায্য করলে আর দুর্বলকে এ কেমন রক্ষা করলে? 26:3 জ্ঞানহীনকে এ কেমন পরামর্শ দিলে আর মহাজ্ঞান প্রকাশ করলে? 26:4 তুমি কার সাহায্যে এই সব কথা বলছ? কার কথা তোমার মুখ থেকে বের হয়ে এসেছে? 26:5 “মৃত লোকেরা ভয়ে ভীষণ কাঁপছে; তারা কাঁপছে পানির নীচে আর পানিতে বাসকারীদের নীচে। 26:6 আল্লাহ্‌র সামনে কবর ঢাকা নেই; ধ্বংসের স্থান খোলাই রয়েছে। 26:7 তিনি শূন্যে উত্তরের আসমান বিছিয়ে দিয়েছেন; শূন্যের মধ্যে দুনিয়াকে ঝুলিয়ে রেখেছেন। 26:8 তাঁর মেঘের মধ্যে তিনি পানি আট্‌কে রাখেন, কিন্তু তার ভারে মেঘ ফেটে যায় না। 26:9 তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে দেন, তার উপরে তাঁর মেঘ বিছিয়ে দেন। 26:10 আলো ও অন্ধকার যেখানে গিয়ে মিলিত হয় সেখানে তিনি আকাশ ও সাগরের মধ্যে সীমানা টেনেছেন। 26:11 আকাশের থামগুলো কেঁপে ওঠে, তাঁর বকুনিতে সেগুলো চম্‌কে ওঠে। 26:12 তিনি নিজের কুদরতীতে সমুদ্রকে তোলপাড় করেন; তাঁর দক্ষতা দিয়ে তিনি রহবকে টুকরা টুকরা করেন। 26:13 তাঁর নিঃশ্বাসে আসমান পরিষ্কার হয়; তাঁর হাত পালিয়ে যাওয়া সাপকে বিদ্ধ করে। 26:14 এই সবই তাঁর কাজের মাত্র একটুখানি প্রকাশ, আমরা তাঁর বিষয়ে কেবল একটুখানি ফিস্‌ফিসানি শুনতে পাই; তাঁর কুদরতের গর্জন কে বুঝতে পারে?”