Job 32
32:1 আইয়ুব নিজের চোখে নিজেকে ন্যায়বান মনে করছিলেন বলে ঐ তিনজন আইয়ুবের কথার জবাব দেওয়া বন্ধ করে দিলেন।
32:2 এতে রামের বংশের বূষীয় বারখেলের ছেলে ইলীহূ আইয়ুবের উপর ভীষণ রেগে গেলেন, কারণ আইয়ুব আল্লাহ্র চেয়ে নিজেকে ন্যায়বান মনে করছিলেন।
32:3 তিনি ঐ তিনজন বন্ধুর উপরেও খুব রেগে গেলেন, কারণ তাঁরা আইয়ুবের কথার জবাব দিতে না পেরেও তাঁকে দোষী করছিলেন।
32:4 তাঁদের সকলের চেয়ে ইলীহূ বয়সে ছোট ছিলেন বলে আইয়ুবকে জবাব দেবার জন্য তিনি অপেক্ষা করছিলেন।
32:5 পরে ঐ তিনজন লোকের জবাব দেবার আর কিছু নেই দেখে তিনি রাগে জ্বলে উঠলেন।
32:6 সেইজন্য বারখেলের ছেলে ইলীহূ বললেন, “আমার বয়স কম, কিন্তু আপনারা বুড়ো হয়েছেন, কাজেই আমার মতামত প্রকাশ করতে আমি সাহস করি নি, ভয় করেছিলাম।
32:7 আমি ভেবেছিলাম, যাঁদের বয়স বেশী তাঁরাই কথা বলুন, তাঁরাই জ্ঞান শিক্ষা দিন যাঁদের অনেক বছর পার হয়ে গেছে।
32:8 সত্যিই মানুষের মধ্যে রূহ্ আছে, আর সর্বশক্তিমানের নিঃশ্বাস তাকে বুঝবার শক্তি দেয়।
32:9 কেবল বুড়ো লোকেরাই যে জ্ঞানবান তা নয়, যাঁদের বয়স বেশী কেবল তাঁরাই যে সঠিক বিষয় বোঝেন তা নয়।
32:10 “সেইজন্য আমি বলছি, আমার কথা শুনুন; আমিও আমার মতামত প্রকাশ করব।
32:11 আপনাদের কথা বলবার সময় আমি অপেক্ষা করে ছিলাম। যখন আপনারা কি বলবেন তাঁর খোঁজ করছিলেন তখন আমি আপনাদের যুক্তি শুনছিলাম।
32:12 আমি আপনাদের কথায় সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলাম, কিন্তু আপনাদের মধ্যে একজনও আইয়ুবের কথার ভুল প্রমাণ করেন নি; তাঁর কথার জবাবও আপনারা দেন নি।
32:13 এই কথা বলবেন না, ‘আমরা বুঝতে পেরেছি যে, মানুষ নয় কিন্তু আল্লাহ্ তাঁকে হারিয়ে দিতে পারেন।’
32:14 আইয়ুব আমার বিরুদ্ধে কোন কথা বলেন নি; আপনাদের যুক্তি দিয়ে আমি তাঁকে জবাব দেব না।
32:15 “এঁরা হতভম্ব হয়েছেন, এঁদের আর কিছু বলবার নেই; এঁদের কথা হারিয়ে গেছে।
32:16 এঁরা তো এখন চুপ করেছেন, জবাব না দিয়ে এঁরা থেমে গেছেন; আর কি আমার অপেক্ষা করা উচিত?
32:17 এখন আমিও আমার কথা বলব, আমার মতামত আমি প্রকাশ করব;
32:18 কারণ আমার বলবার মত অনেক কথা আছে, আমার রূহ্ আমাকে কথা বলতে বাধ্য করছে।
32:19 আমার ভিতরটা থলিতে ভরা আংগুর-রসে ফেটে যাবার মত হয়েছে, নতুন চামড়ার থলির মতই ফেটে যাবার মত হয়েছে।
32:20 শান্ত হবার জন্য আমাকে কথা বলতে হবে; মুখ খুলে আমাকে জবাব দিতে হবে।
32:21 আমি কারও প্রতি একচোখামি করব না, কিংবা কোন মানুষকে তোষামোদ করব না;
32:22 আমি তোষামোদ করতে জানি না; যদি তা করি তবে আমার সৃষ্টিকর্তা আমাকে শীঘ্রই তুলে নিয়ে যাবেন।