Job 33
33:1 “যাহোক, আইয়ুব, এবার আমার কথা শুনুন; আমি যা বলব তাতে মন দিন।
33:2 আমি মুখ খুলতে যাচ্ছি; আমার কথা আমার জিভের আগায় এসেছে।
33:3 আমার কথা খাঁটি দিল থেকে আসছে; আমি যা জানি তা আমার মুখ সরলভাবে বলবে।
33:4 আল্লাহ্র রূহ্ আমাকে তৈরী করেছেন; সর্বশক্তিমানের নিঃশ্বাসে আমি জীবন পাচ্ছি।
33:5 আপনি যদি পারেন তবে আমাকে জবাব দিন; নিজের কথা গুছিয়ে নিয়ে আমার মুখোমুখি হন।
33:6 আল্লাহ্র সামনে আমি ও আপনি সমান; আমাকেও মাটি দিয়ে তৈরী করা হয়েছে।
33:7 আমাকে যেন আপনি ভয় না পান, কিংবা আমার কথার চাপ যেন আপনার উপর ভারী না হয়।
33:8 “তবে আপনি আমার সামনেই কথা বলেছেন; আপনি যা বলেছেন ঠিক তা-ই আমি শুনেছি;
33:9 আপনি বলেছেন, ‘আমি পাক-পবিত্র, আমার কোন গুনাহ্ নেই; আমি খাঁটি, আমার কোন দোষ নেই।
33:10 তবুও আল্লাহ্ আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন; তিনি আমাকে তাঁর শত্রু মনে করছেন।
33:11 তিনি শিকল দিয়ে আমার পা বেঁধেছেন; আমার সমস্ত পথের উপর তিনি কড়া নজর রেখেছেন।’
33:12 “কিন্তু আমি আপনাকে বলি, এই বিষয়ে আপনার কথা ঠিক নয়, কারণ মানুষের চেয়ে আল্লাহ্ মহান।
33:13 কেন আপনি তাঁকে এই নালিশ জানাচ্ছেন যে, মানুষের কোন কথার জবাব তিনি দেন না?
33:14 আসলে আল্লাহ্ নানাভাবে কথা বলেন যদিও মানুষ তা বুঝতে পারে না।
33:15 স্বপ্নের মধ্যে, রাতের দর্শনের মধ্যে, বিছানায় শুয়ে যখন মানুষের ঘুম গাঢ় হয়,
33:16 তখন তিনি তাদের কানে কানে কথা বলেন আর সাবধানবাণী দিয়ে তাদের ভয় দেখান,
33:17 যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরে আর অহংকার থেকে দূরে থাকে।
33:18 তিনি এইভাবে কবর থেকে তার প্রাণ, মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন।
33:19 মানুষ রোগের দরুন যন্ত্রণা পেয়ে শাস্তি পায়; তার হাড়ের মধ্যে সব সময় কষ্ট হয়।
33:20 এতে খাবার-দাবারে তার বিরক্তি জাগে, সে সবচেয়ে ভাল খাবারও ঘৃণা করে।
33:21 তার শরীরের গোশ্ত একেবারে ক্ষয় হয়ে যায়; তখন গোশ্তে ঢাকা হাড়গুলো বেরিয়ে পড়ে।
33:22 তার প্রাণ কবরের কাছে উপস্থিত হয়, তার জীবন মৃত্যু-ফেরেশতাদের কাছাকাছি হয়।
33:23 “যদি একজন ফেরেশতা তার পক্ষে থাকেন, হাজার ফেরেশতার মধ্যে একজন মধ্যস' থাকেন যিনি মানুষকে বলেন কোন্টা তার জন্য ঠিক,
33:24 তবে তিনি তার প্রতি দয়ালু হয়ে বলুন, ‘কবরে নেমে যাওয়া থেকে তাকে রেহাই দাও; আমি তাঁর জন্য মুক্তির মূল্য পেয়েছি।’
33:25 তাহলে তার শরীর আবার যুবকের মত হবে; সে আবার যৌবন ফিরে পাবে।
33:26 সে আল্লাহ্র কাছে মুনাজাত করবে আর তিনি তাকে রহমত দান করবেন; সে আল্লাহ্র মুখ দেখে আনন্দে চেঁচিয়ে উঠবে; আল্লাহ্ তাকে তার নির্দোষ অবস্থায় ফিরিয়ে আনবেন।
33:27 সে তখন মানুষের কাছে এসে বলবে, ‘আমি গুনাহ্ করেছিলাম এবং যা ঠিক তার উল্টা করেছিলাম, কিন্তু আমার পাওনা শাস্তি আমি পাই নি।
33:28 কবরে নেমে যাওয়ার হাত থেকে তিনি আমার প্রাণ মুক্ত করেছেন; আমি আলো দেখতে পাচ্ছি।’
33:29 “আল্লাহ্ মানুষের জন্য বার বার ঐ সব করেন,
33:30 যেন তার প্রাণ কবরে যাওয়া থেকে ফেরে আর তার উপরে জীবনের আলো পড়ে।
33:31 “আইয়ুব, আপনি মন দিয়ে আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি কথা বলি।
33:32 যদি আপনার কিছু বলবার থাকে তবে আমাকে বলুন; আপনি বলুন, কারণ আমি আপনাকে নির্দোষ দেখাতে চাই।
33:33 যদি কিছু বলবার না থাকে, তবে আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি আপনাকে জ্ঞান শিক্ষা দেব।”