Job 34
34:1 তারপর ইলীহূ বললেন,
34:2 “হে জ্ঞানী লোকেরা, আমার কথা শুনুন; হে বুদ্ধিমানেরা, আমার কথায় কান দিন।
34:3 জিভ্ যেমন করে খাবারের স্বাদ নেয় তেমনি করে কান লোকের কথা পরীক্ষা করে দেখে।
34:4 কোন্টা ঠিক, আসুন, আমরা তা বিচার করে দেখি; কোন্টা ভাল আমরা তা খুঁজে দেখি।
34:5 “আইয়ুব বলছেন, ‘আমি নির্দোষ, কিন্তু আল্লাহ্ ন্যায়ভাবে আমার বিচার করেন নি।
34:6 আমি ঠিক কথা বললেও আমাকে মিথ্যাবাদী মনে করা হয়েছে; বিনা দোষে আমি এমন আঘাত পেয়েছি যা ভাল হয় না।’
34:7 আইয়ুবের মত কেউ আছে কি যিনি পানির মত করে ঠাট্টা-বিদ্রূপ খেয়েছেন?
34:8 যারা খারাপ কাজ করে তিনি তাদের সংগে চলেন; তিনি দুষ্ট লোকদের সংগী হন।
34:9 তিনি বলেন, ‘আল্লাহ্কে সন্তুষ্ট করে মানুষের কোন লাভই হয় না।’
34:10 “কাজেই হে বুদ্ধিমান লোকেরা, আমার কথা শুনুন। আল্লাহ্ যে খারাপ কাজ করেন, সর্বশক্তিমান যে অন্যায় করেন তা দূরে থাকুক।
34:11 তিনি মানুষকে তার কাজের ফল দেন; তার আচার-ব্যবহার অনুসারে তিনি তার পাওনা দেন।
34:12 আল্লাহ্ কখনও খারাপ কাজ করেন না, সর্বশক্তিমান কখনও উল্টা বিচার করেন না।
34:13 দুনিয়ার ভার কি কেউ তাঁকে দিয়েছে? গোটা দুনিয়ার দেখাশোনার কাজে কেউ কি তাঁকে লাগিয়েছে?
34:14 যদি তিনি তাঁর নিজের কথাই ভাবতেন আর তাঁর রূহ্ ও নিঃশ্বাস নিজের কাছে ফিরিয়ে নিতেন,
34:15 তবে সব মানুষ একসংগে ধ্বংস হয়ে যেত, তারা আবার ধুলা হয়ে যেত।
34:16 “যদি আপনাদের বুদ্ধি থাকে তবে এই কথা শুনুন; আমার কথায় কান দিন।
34:17 যিনি ন্যায়বিচার ঘৃণা করেন তিনি কি শাসন করতে পারেন? আপনারা কি ন্যায়বান ও ক্ষমতাশালীকে দোষ দেবেন?
34:18 তিনি তো বাদশাহ্দের বলেন, ‘তোমরা অপদার্থ,’ আর প্রধান লোকদের বলেন, ‘তোমরা দুষ্ট।’
34:19 তিনি শাসনকর্তাদের পক্ষ নেন না, গরীবদের ফেলে ধনীদের বড় মনে করেন না, কারণ তারা সবাই তাঁরই হাতের কাজ।
34:20 তারা হঠাৎ মারা যায়, মারা যায় মাঝরাতে; তাদের নাড়ানো হলে তারা ধ্বংস হয়; কেউ কিছু না করলেও শক্তিমানেরা মারা যায়।
34:21 “মানুষের চলাফেরার উপর আল্লাহ্র চোখ আছে; তাদের প্রতিটি ধাপ তিনি দেখেন।
34:22 এমন কোন অন্ধকার জায়গা বা ঘন ছায়া নেই যেখানে খারাপ কাজ করা লোকেরা লুকাতে পারে।
34:23 মানুষের বিচারের জন্য আল্লাহ্র কোন খোঁজ নেবার দরকার নেই;
34:24 তদন্ত না করেই তিনি শক্তিমানদের চুরমার করেন আর তাদের জায়গায় অন্যদের বসিয়ে দেন।
34:25 তিনি তাদের কাজের হিসাব রাখেন বলে রাতের বেলায় তিনি তাদের ধ্বংস করে ফেলেন আর তারা চুরমার হয়ে যায়।
34:26 তাদের দুষ্টতার জন্য তিনি সকলের সামনে তাদের শাস্তি দেন,
34:27 কারণ তারা তাঁর পথে চলা বাদ দিয়েছে; তাঁর কোন হুকুমের প্রতি তাদের খেয়াল নেই।
34:28 তাদের অত্যাচারের দরুন গরীবের কান্না তাঁর সামনে উপস্থিত হয়; তিনি অভাবীদের কান্না শোনেন।
34:29 অবশ্য তিনি চুপ করে থাকলেও কেউ তাঁকে দোষী করতে পারে না; তিনি মুখ লুকালে কেউ তাঁকে দেখতে পায় না। তবুও তিনি মানুষ ও জাতির উপরে আছেন,
34:30 যাতে আল্লাহ্র প্রতি ভয়হীন লোক রাজত্ব করতে না পারে আর লোকদের ধরবার জন্য ফাঁদ পাততে না পারে।
34:31 “কোন লোক তো আল্লাহ্কে বলে নি, ‘আমি শাস্তি পেয়েছি, আর অন্যায় করব না;
34:32 আমি যা দেখতে পাই না তা আমাকে শিখাও; যদি আমি অন্যায় করে থাকি, তবে আর তা করব না।’
34:33 আপনি যখন আল্লাহ্কে অগ্রাহ্য করছেন তখন আল্লাহ্ কি করে আপনার ইচ্ছামত পুরস্কার দেবেন? মন স্থির করা আপনার কাজ, আমার নয়; কাজেই আপনার মতামত আপনি প্রকাশ করুন।
34:34 “বুদ্ধিমান লোকেরা আমাকে বলেন, জ্ঞানী লোকেরা আমার কথা শুনে আমাকে বলেন,
34:35 ‘আইয়ুব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন, তাঁর কথায় কোন বুদ্ধির পরিচয় নেই।’
34:36 আইয়ুবের পরীক্ষা সম্পূর্ণভাবে হলেই ভাল, কারণ তিনি দুষ্ট লোকের মত কথা বলছেন।
34:37 তাঁর গুনাহের সংগে তিনি বিদ্রোহ যোগ করছেন; তিনি আমাদের সামনে আল্লাহ্র কুফরী করছেন আর আল্লাহ্র বিরুদ্ধে অনেক কথা বলছেন।”