Library · bn

Job 35

35:1 তারপর ইলীহূ বললেন, 35:2 “আপনি যে বলছেন আপনি আল্লাহ্‌র সামনে নির্দোষ, কথাটা কি আপনি ঠিক বলে মনে করেন? 35:3 আপনি তাঁকে বলছেন, ‘এতে আমার কি লাভ? গুনাহ্‌ না করলে আমি কি পাব?’ 35:4 “আমি আপনাকে ও আপনার সংগীদের এর জবাব দিতে চাই। 35:5 আকাশের দিকে একবার তাকিয়ে দেখুন; দেখুন, মেঘ আপনার কত উপরে আছে। 35:6 আপনি যদি গুনাহ্‌ করেন তাতে আল্লাহ্‌র কি হয়? আপনার অন্যায় যদি অনেক হয় তাতেই বা তাঁর কি আসে যায়? 35:7 আপনি যদি নির্দোষ হন তবে তাঁর কি উপকার হবে? আপনার হাত থেকে তিনি কিছুই চান না। 35:8 আপনার দুষ্টতা কেবল মানুষেরই ক্ষতি করে, আর আপনার সততা কেবল তাদেরই সাহায্য করে। 35:9 “অত্যাচারের ভারে লোকে চিৎকার করে; তারা শক্তিমানদের হাত থেকে রেহাই পাবার জন্য মিনতি করে। 35:10 কিন্তু কেউ বলে না, ‘আমার সৃষ্টিকর্তা আল্লাহ্‌ কোথায়, যিনি রাতের বেলায় আনন্দের কাওয়ালী দান করেন? 35:11 তিনি তো দুনিয়ার পশুদের চেয়ে আমাদের বেশী শিক্ষা দেন আর আকাশের পাখীদের চেয়ে বেশী জ্ঞান দান করেন।’ 35:12 লোকেরা যখন কাঁদে তখন তিনি জবাব দেন না, কারণ তারা অহংকারী ও দুষ্ট। 35:13 তাদের মুনাজাতে কোন লাভ হয় না, কারণ আল্লাহ্‌ তা শোনেন না; সর্বশক্তিমান তাতে কোন মনোযোগই দেন না। 35:14 আপনি বলছেন যে, আপনি তাঁকে দেখতে পান না, আপনার মামলা তাঁর সামনে রয়েছে, আর আপনি তাঁর বিচারের জন্য অপেক্ষা করছেন। 35:15 আপনি আরও বলছেন যে, তিনি রাগে শাস্তি দেন না আর দুষ্টতার দিকে বিশেষ খেয়াল করেন না। 35:16 কাজেই আইয়ুব বাজে কথা বলছেন; তিনি না জেনে অনেক কথা বলছেন।”