Job 5
5:1 “তুমি ডাক দেখি, কে তোমাকে জবাব দেবে? তুমি কোন্ ফেরেশতার কাছে সাহায্য চাইবে?
5:2 বিরক্তিবোধ অসাড় বিবেক লোকদের শেষ করে দেয় আর হিংসা বোকাদের মেরে ফেলে।
5:3 অসাড় বিবেক লোককে আমি উন্নতি করতে দেখলাম আর তখনই তার ঘরকে বদদোয়াপ্রাপ্ত বলে ঘোষণা করলাম।
5:4 তার সন্তানেরা নিরাপদে থাকে না; বিচারের জায়গাতেই তারা সব কিছু হারায়, তাদের রক্ষাকারী কেউ থাকে না।
5:5 ক্ষুধিত লোকেরা তার শস্য খেয়ে ফেলে, এমন কি, কাঁটার বেড়ার মধ্য থেকেও তারা তা তুলে নেয়; অভাবীরা তার ধন-সম্পদের জন্য খুব আগ্রহী হয়।
5:6 মাটি থেকে কষ্ট উঠে আসে না, কিংবা জমি থেকে দুঃখ গজায় না।
5:7 যেমন সত্যি যে আগুনের ফুল্কি উপরের দিকে ওঠে, তেমনি সত্যি যে, মানুষ কষ্ট পাবার জন্যই জন্মে।
5:8 “কিন্তু আমি হলে আল্লাহ্র সাহায্য চাইতাম, তাঁর কাছে আমার মামলাটা তুলে ধরতাম।
5:9 তিনি এমন সব মহৎ কাজ করেন যার গভীরতা মাপা যায় না; তিনি এমন সব কেরামতী দেখান যা গুণে শেষ করা যায় না।
5:10 তিনি দুনিয়াতে বৃষ্টি দান করেন আর জমির উপর পানি পাঠিয়ে দেন।
5:11 নীচু অবস্থার লোকদের তিনি উঁচুতে তোলেন; যারা শোক করে তাদের তিনি নিরাপদে রাখেন।
5:12 ধূর্ত লোকদের পরিকল্পনা তিনি নিষ্ফল করে দেন, তাই তারা কোন সফলতা লাভ করতে পারে না।
5:13 তিনি জ্ঞানীদের তাদের চালাকীর মধ্যে ধরেন, আর ছলনাকারীদের ফন্দি নিষ্ফল হয়ে যায়।
5:14 দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে; দুপুরে তারা রাতের বেলার মত হাত্ড়ে বেড়ায়।
5:15 তিনি ধারালো জিভের হাত থেকে অভাবীদের বাঁচান; শক্তিশালীদের মুঠো থেকে তাদের রক্ষা করেন।
5:16 সেইজন্য অসহায় লোকেরা আশায় বুক বাঁধে, আর অবিচার বন্ধ হয়ে যায়।
5:17 “মোবারক সেই লোক, যাকে আল্লাহ্ সংশোধন করেন। কাজেই সর্বশক্তিমানের শাসনকে তুচ্ছ কোরো না,
5:18 কারণ তিনি ক্ষত করেন, আবার তা বেঁধেও দেন; তিনি আঘাত করেন, আবার তাঁর হাতই তা সুস্থ করে।
5:19 ছয়টা বিপদ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন, সাতটা বিপদের সময় তোমার কোন ক্ষতি হবে না।
5:20 দুর্ভিক্ষের সময় তিনি তোমাকে মৃত্যু থেকে রক্ষা করবেন, আর যুদ্ধের সময় রক্ষা করবেন তলোয়ারের আঘাত থেকে।
5:21 জিভের আঘাত থেকে তিনি তোমাকে রক্ষা করবেন; বিপদ আসলে তুমি ভয় পাবে না।
5:22 ধ্বংস ও দুর্ভিক্ষের সময় তুমি হাসবে; বুনো পশুদের তুমি ভয় করবে না।
5:23 তোমার জমিতে কোন পাথর থাকবে না; বুনো পশুরা তোমাকে আক্রমণ করবে না।
5:24 তুমি জানবে যে, তোমার তাম্বু নিরাপদ; তোমার সম্পত্তির হিসাব নিলে পর দেখবে তোমার কিছুই হারায় নি।
5:25 তুমি জানবে যে, তোমার অনেক ছেলেমেয়ে হবে আর তোমার বংশধরেরা মাঠের ঘাসের মত প্রচুর হবে।
5:26 যেমন করে সময় মত ফসল তোলা হয় তেমনি করে পূর্ণ আয়ু পেয়ে তুমি কবর পাবে।
5:27 “আমরা পরীক্ষা করে দেখেছি যে, এ সব সত্যি; কাজেই তুমি শোন আর নিজের জীবনে তা কাজে লাগাও।”