Job 6
6:1 তখন জবাবে আইয়ুব বললেন,
6:2 “আমার দারুণ যন্ত্রণা যদি ওজন করা যেত, আমার সমস্ত দুর্দশা যদি দাঁড়িপাল্লায় তোলা হত,
6:3 তবে তা নিশ্চয়ই সাগর পারের বালুকণার চেয়েও ওজনে বেশী হত; সেজন্যই আমার কথাবার্তায় কোন লাগাম নেই।
6:4 সর্বশক্তিমানের তীর আমাকে বিঁধেছে, আমার প্রাণ সেগুলোর বিষ খাচ্ছে; আল্লাহ্র ভয়ংকর কাজগুলো আমার বিরুদ্ধে সারি বেঁধে দাঁড়িয়েছে।
6:5 ঘাস পেলে কি বুনো গাধা চিৎকার করে, কিংবা খড় পেলে কি গরু ডাকে?
6:6 স্বাদহীন খাবার কি লবণ ছাড়া খাওয়া যায়, কিংবা ডিমের লালায় কি কোন স্বাদ আছে?
6:7 আমি তা খেতে চাই না; তা খেলে আমি অসুস্থ হয়ে পড়ি।
6:8 “আহা, আমার অনুরোধ যেন রক্ষা হয়, আল্লাহ্ যেন আমার আশা পূর্ণ করেন,
6:9 আমাকে যেন তিনি চুরমার করে ফেলেন এবং হাত বাড়িয়ে আমাকে মেরে ফেলেন!
6:10 তাহলে আমার এই সান্ত্বনা থাকবে, ভীষণ যন্ত্রণার মধ্যেও আমার এই আনন্দ থাকবে যে, আল্লাহ্ পাকের কথা আমি অস্বীকার করি নি।
6:11 “অপেক্ষা করবার জন্য আমার কোন শক্তি নেই, আশা করবার মত আমার এমন কিছু নেই যে, আমি ধৈর্য ধরে থাকব।
6:12 আমার শক্তি কি পাথরের মত? আমার শরীর কি ব্রোঞ্জের তৈরী?
6:13 নিজেকে সাহায্য করবার শক্তি আমার নেই; আমার কাছ থেকে তো আমার সব কিছু দূর করা হয়েছে।
6:14 “হতাশ লোক যদিও বা সর্বশক্তিমানকে ভয় করা ছেড়ে দেয়, তবুও তার বন্ধুদের উচিত তার প্রতি বিশ্বস্ত থাকা।
6:15 কিন্তু আমার বন্ধুদের উপর তো ভরসা করা যায় না; তারা এমন স্রোতের মত যা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার মাঝে মাঝে কিনারা ছাপিয়ে ওঠে।
6:16 বরফ ও তুষার গলে সেই স্রোত ঘোলা হয়ে শক্তিশালী হয়ে ওঠে,
6:17 আবার গরম কালে সেই স্রোত শুকিয়ে যায় আর তার পথ থেকে অদৃশ্য হয়।
6:18 সেই পথে চলা মরুযাত্রীর দল পানি খুঁজতে খুঁজতে ফিরে যায়, আর তারা মরুভূমিতে শেষ হয়ে যায়।
6:19 তাইমার মরুযাত্রীরা পানির খোঁজ করে, সাবার ব্যবসায়ীরা আশা নিয়ে তাকায়।
6:20 তারা নিশ্চিত ছিল বলেই কষ্ট পায়; সেখানে এসে তারা নিরাশ হয়।
6:21 তোমরাও তেমনি আমাকে কোন সাহায্য করতে পার না; আমার ভয়ংকর অবস্থা দেখে তোমরা ভয় পেয়েছ।
6:22 আমি কি কখনও বলেছি, ‘আমাকে কিছু দাও, তোমাদের ধন থেকে আমাকে উপহার দাও,
6:23 শত্রুর হাত থেকে আমাকে রক্ষা কর, মূল্য দিয়ে নিষ্ঠুরদের থাবা থেকে আমাকে মুক্ত কর?’
6:24 “আমাকে শিক্ষা দাও, আমি চুপ করে থাকব; কোথায় আমার ভুল তা আমাকে দেখিয়ে দাও।
6:25 ন্যায্য কথা কেমন শক্তিশালী, কিন্তু তোমাদের তর্কে কোন লাভ নেই।
6:26 আমার কথায় কি তোমরা দোষ ধরতে চাইছ? তোমরা তো নিরাশ লোকের কথা বাতাসের মত মনে করছ।
6:27 তোমরা এতিমদের জন্য ভাগ্য পরীক্ষা করে থাক আর বন্ধুকে বিক্রি করতে চাও।
6:28 কিন্তু এখন দয়া করে তোমরা আমার দিকে তাকাও, আমি তোমাদের সামনে মিথ্যা কথা বলব না।
6:29 তোমরা নরম হও, অন্যায় কোরো না; আবার ভেবে দেখ, কারণ আমি এখনও সৎ আছি।
6:30 আমার মুখে কি কোন অন্যায় আছে? আমি কি সত্য-মিথ্যা বুঝি না?