Library · bn

Job 7

7:1 “এই দুনিয়াতে মানুষকে কঠিন পরিশ্রম করতে হয়, সে মজুরের মত দিন কাটায়। 7:2 গোলাম যেমন সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করে, মজুর যেমন তার মজুরির জন্য আশা করে থাকে, 7:3 তেমনি করেই মাসের পর মাস নিষ্ফলতা আমার ভাগে পড়েছে; আমি রাতের পর রাত কেবল দুঃখ পেয়েছি। 7:4 শোবার সময় আমি ভাবি, আমি কখন উঠব? কিন্তু রাত বড় হয়, আর আমি সকাল পর্যন্ত এপাশ-ওপাশ করি। 7:5 পোকা আর ঘায়ের মাম্‌ড়িতে আমার শরীর ঢাকা পড়েছে; আমার চামড়া ফেটে গেছে এবং পূঁজ পড়ছে। 7:6 আমার দিনগুলো তাঁতীর মাকুর চেয়েও তাড়াতাড়ি চলছে; কোন আশা ছাড়াই সেগুলো শেষ হয়ে যাচ্ছে। 7:7 “হে আল্লাহ্‌, মনে রেখ, আমার জীবন একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়; আমি তো আর সুখের মুখ দেখব না। 7:8 তোমার চোখ আর আমাকে দেখবে না; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি আর থাকব না। 7:9 মেঘ যেমন অদৃশ্য হয়ে চলে যায়, তেমনি যে কবরে যায় সে আর ফিরে আসে না। 7:10 সে তার বাড়ীতে আর ফিরে আসবে না; তার জায়গাও তাকে আর মনে রাখবে না। 7:11 “কাজেই আমি আর চুপ করে থাকব না। আমার মনের দারুণ ব্যথায় আমি কথা বলব; আমার তেতো প্রাণে আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করব। 7:12 আমি কি সমুদ্র নাকি সাগরের জল-দানব যে, তুমি আমাকে পাহারা দিয়ে রেখেছ? 7:13 যখন ভাবি আমার বিছানা আমাকে সান্ত্বনা দেবে আর আমার ঘুম আমার দুঃখ কমাবে, 7:14 তখন তুমি নানা স্বপ্ন দেখিয়ে আমাকে ভয় দেখাও, নানা দর্শন দিয়ে আমাকে ভীষণ ভয় ধরিয়ে দাও। 7:15 তাতে এই কংকাল শরীরে বেঁচে থাকার চেয়ে কেউ আমাকে শ্বাস বন্ধ করে মেরে ফেলুক তা-ই আমি চাই। 7:16 আমার প্রাণকে আমি ঘৃণা করি; আমি তো চিরকাল বেঁচে থাকতে চাই না। আমাকে ছেড়ে দাও; আমার আয়ু তো ক্ষণস্থায়ী। 7:17 “মানুষ কি যে, তাকে তুমি এত দাম দাও, আর তার প্রতি তুমি এত মনোযোগ দাও, 7:18 প্রতিদিন সকালে তুমি তার খোঁজ নাও, আর প্রতি মুহূর্তে তাকে তুমি পরীক্ষা কর? 7:19 আমার দিক থেকে কি তোমার চোখ ফিরাবে না, কিংবা ঢোক গিলতেও কি আমাকে সময় দেবে না? 7:20 হে মানুষের পাহারাদার, আমি যদি গুনাহ্‌ করেই থাকি তবে তাতে তোমার কি? তুমি কেন আমাকে তোমার তীরের লক্ষ্যস্থান করেছ? আমি কি তোমার বোঝা হয়েছি? 7:21 কেন তুমি আমার দোষ ও আমার গুনাহ্‌ মাফ কর না? কারণ আমাকে তো শীঘ্রই মাটিতে শুতে হবে; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি থাকব না।”