Library · bn

Job 8

8:1 তখন শূহীয় বিল্‌দদ জবাবে বললেন, 8:2 “তুমি আর কতক্ষণ এই সব কথা বলতে থাকবে? তোমার কথাগুলো ঝোড়ো বাতাসের মত। 8:3 আল্লাহ্‌ কি ন্যায়ের বিরুদ্ধে কাজ করেন? সর্বশক্তিমান কি ঠিক্‌কে বেঠিক করেন? 8:4 তোমার ছেলেমেয়েরা নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করেছে, সেইজন্য তিনি গুনাহের শাস্তির হাতে তাদের তুলে দিয়েছেন। 8:5 কিন্তু তুমি যদি আগ্রহী হয়ে আল্লাহ্‌র কাছে মুনাজাত কর আর সর্বশক্তিমানের কাছে অনুরোধ জানাও, 8:6 যদি তুমি খাঁটি ও সৎ হয়ে থাক, তবে এখনও তিনি তোমার পক্ষে কাজ করতে আগ্রহী হবেন আর তোমার সততাপূর্ণ জায়গায় আবার তোমাকে বসাবেন। 8:7 তোমার ভবিষ্যৎ হবে এত সফলতায় পূর্ণ যে, মনে হবে তোমার প্রথম অবস্থা এর চেয়ে অনেক খারাপ ছিল। 8:8 “আগেকার দিনের লোকদের জিজ্ঞাসা কর; তাঁদের পূর্বপুরুষেরা যা শিখেছিলেন তার খোঁজ নাও। 8:9 আমরা তো গতকাল জন্মেছি, কিছুই জানি না; দুনিয়ার উপর আমাদের দিনগুলো ছায়ার মত চলে যায়। 8:10 তাঁদের কাছ থেকে তুমি শিক্ষা ও উপদেশ পাবে; তাঁরা যা জানেন তা তোমাকে বলবেন। 8:11 “জলাভূমি না হলে নল বড় হতে পারে না; পানি না পেলে খাগ্‌ড়া বেড়ে উঠতে পারে না। 8:12 বেড়ে উঠবার সময় যখন সেগুলো কাটা হয় না, তখন পানি না পেলে তা ঘাসের চেয়েও তাড়াতাড়ি শুকিয়ে যায়। 8:13 যারা আল্লাহ্‌কে ভুলে যায় তাদের দশা তা-ই হয়; আল্লাহ্‌র প্রতি ভয়হীনদের আশা ঐভাবে ধ্বংস হয়। 8:14 যার উপর সে ভরসা করে তা শক্ত নয়, তা মাকড়সার জাল মাত্র। 8:15 সে যদি তার উপর ভর দেয় তবে তা ভেংগে পড়বে, যদি সে তা আঁকড়ে ধরে তবে তা তাকে ধরে রাখতে পারবে না। 8:16 সে যেন সূর্যের আলোতে সতেজ একটা চারা, বাগানের সব জায়গায় তার ডালপালা ছড়িয়ে গেছে। 8:17 জড়ো হওয়া পাথরের চারপাশে তার শিকড়গুলো জড়িয়ে গেছে; পাথরের মধ্যে সে একটা নিরাপদ জায়গা খুঁজে পেয়েছে। 8:18 কিন্তু তার জায়গা থেকে যখন তাকে তুলে ফেলা হবে তখন সেই জায়গা তাকে অস্বীকার করে বলবে, ‘আমি তোমাকে কখনও দেখি নি।’ 8:19 দেখ, এছাড়া তার আর কোন আনন্দ নেই; সেই মাটিতে অন্যান্য চারা গজাবে। 8:20 “নির্দোষ মানুষকে আল্লাহ্‌ কখনও ত্যাগ করেন না কিংবা যারা খারাপ কাজ করে তাদের হাত শক্তিশালী করেন না। 8:21 এখনও তোমার মুখ তিনি হাসিতে ভরে দেবেন আর তোমাকে আনন্দে পূর্ণ করবেন। 8:22 যারা তোমাকে ঘৃণা করে তারা লজ্জিত হবে; দুষ্টদের বাসস্থান আর থাকবে না।”