Psalms 104
104:1 হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর; হে আল্লাহ্, আমার মাবুদ, তুমি কত মহান! তুমি গৌরব ও মহিমার সাজে সেজে আছ।
104:2 কাপড়ের মত করে তুমি নিজেকে আলো দিয়ে ঢেকেছ; আসমানকে তুমি ছাউনির মত করে বিছিয়ে দিয়েছ।
104:3 তোমার বেহেশতের বাসস্থানের ভিত্তি তুমি আসমানের পানির উপরে স্থাপন করেছ; তুমি মেঘকে করেছ তোমার রথ; তুমি বাতাসের পাখায় ভর করে চলাচল কর।
104:4 তুমি বাতাসকে তোমার দূত করেছ; জ্বলন্ত আগুনকে করেছ তোমার গোলাম।
104:5 তুমি দুনিয়াকে তার নিজের ভিত্তির উপর স্থাপন করেছ; তা কখনও নড়বে না।
104:6 তুমি দুনিয়াকে কাপড় দিয়ে ঢাকার মত করে সাগরের পানি দিয়ে ঢেকেছিলে; পাহাড়-পর্বতও সেই পানিতে ঢাকা ছিল।
104:7 কিন্তু সেই পানি তোমার হুকুমে চলে গেল; তা ছুটে চলে গেল তোমার গর্জনে।
104:8 পাহাড়-পর্বত আরও উঁচু হয়ে উঠল, সব উপত্যকা আরও নীচু হয়ে গেল; তুমি যে জায়গা ঠিক করে রেখেছিলে সেগুলো সেই পর্যন্ত গিয়ে পৌঁছাল।
104:9 এইভাবে তুমি পানির সীমানা ঠিক করে দিয়েছ, যাতে পানি আর কখনও সীমানা ডিংগিয়ে দুনিয়াকে ঢেকে না ফেলে।
104:10 উপত্যকার মধ্যে তুমিই পানির ঝর্ণা পাঠাও; সেই পানি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যায়।
104:11 তা জীবজন্তুদের পানির যোগান দেয়; তাতে বুনো গাধার পিপাসা মেটে।
104:12 পানির কাছেই আকাশের পাখীরা বাসা বাঁধে, আর গাছের ডালে ডালে গান গায়।
104:13 তোমার বেহেশতের বাসস্থান থেকে তুমি পাহাড়-পর্বতের উপরে পানি ফেল; তোমার সেই কাজের ফলে দুনিয়া তৃপ্ত হয়।
104:14 তুমি পশুপালের জন্য ঘাস আর মানুষের চাষের জন্য ফসলের গাছ জন্মাতে দাও, যেন জমি থেকেই সে তার খোরাক পেতে পারে-
104:15 আংগুর-রস যা মানুষের মনকে খুশী করে, তেল যা তার মুখকে উজ্জ্বল করে, আর রুটি যা তার অন্তরে আনে বল।
104:16 মাবুদের তৈরী সব গাছপালা প্রচুর বৃষ্টি পায়; তাঁর লাগানো লেবাননের এরস গাছও বৃষ্টি পায়।
104:17 সেই সব গাছে পাখীরা বাসা বাঁধে; সারসও বেরস গাছে ঘর বানায়।
104:18 উুঁচ উঁচু পাহাড়গুলোতে বুনো ছাগল বাস করে; পাহাড়ের খাঁজে খাঁজে শাফনের দল আশ্রয় নেয়।
104:19 ঋতু ভাগ করার জন্য তুমি চাঁদ তৈরী করেছ; তোমার সময়মত সূর্য অস্ত যায়।
104:20 তুমি অন্ধকার আনলে রাত হয়, বনের সব পশুরা তখন ঘুরে বেড়ায়।
104:21 যুবসিংহেরা শিকার খুঁজতে গিয়ে চিৎকার করে, আল্লাহ্র কাছে তাদের খাবার চায়।
104:22 সূর্য উঠলে তারা চলে যায় আর তাদের গর্তে শুয়ে পড়ে।
104:23 তখন মানুষ তার কাজে বের হয়, সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে।
104:24 হে মাবুদ, তুমি অনেক কিছু সৃষ্টি করেছ; তোমার জ্ঞান দিয়ে সেই সব তৈরী করেছ; তোমার সৃষ্ট জিনিসে দুনিয়া ভরা।
104:25 ঐ যে বিরাট, বিশাল সমুদ্র- তা চলে বেড়ানো ছোট-বড় অসংখ্য প্রাণীতে ভরা আছে।
104:26 তার মধ্যে ঐ চলছে জাহাজ, সেখানে লিবিয়াথনও আছে; তাকে তুমি সাগরে খেলা করার জন্য সৃষ্টি করেছ।
104:27 তারা সব তোমার মুখের দিকে চেয়ে আছে, যাতে ঠিক সময়ে তুমি তাদের খাবার দাও।
104:28 তুমি তাদের দিলে তারা তুলে নেয়; তুমি হাত খুললে তারা ভাল ভাল জিনিস পেয়ে তৃপ্ত হয়।
104:29 তুমি মুখ লুকালে তারা ভয় পায়; তুমি তাদের জীবন্তবায়ু নিয়ে গেলে তারা মরে যায়, আবার তারা ধুলা হয়ে যায়।
104:30 তোমার রূহ্ পাঠালে তাদের সৃষ্টি হয়; তুমি নতুন নতুন প্রাণ দিয়ে দুনিয়াকে সাজাও।
104:31 মাবুদের গৌরব অনন্তকাল থাকুক; তিনি যেন নিজের কাজে আনন্দিত হন।
104:32 তিনি দুনিয়ার দিকে তাকালে তা কাঁপে; তাঁর ছোঁয়াতে পাহাড়-পর্বত থেকে ধোঁয়া বের হয়।
104:33 আমার সারা জীবন ধরে আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব; আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার আল্লাহ্র উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাইব।
104:34 আমার সব ধ্যান তাঁর কাছে মধুর হোক; আমি মাবুদের সংগে যুক্ত হয়ে আনন্দ করব।
104:35 দুনিয়ার বুক থেকে গুনাহ্গার লোকেরা মুছে যাক; দুষ্ট লোকেরা সব শেষ হয়ে যাক। হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর; আলহামদুলিল্লাহ্!