Library · bn

Psalms 112

112:1 আলহামদুলিল্লাহ্‌! ধন্য সে, যে মাবুদকে ভয় করে এবং তাঁর হুকুমে খুব আনন্দিত হয়। 112:2 তার বংশধরেরা দুনিয়াতে শক্তিশালী হবে; অন্তরে যে খাঁটি তার বংশ দোয়া পাবে। 112:3 তার ঘরে ধন ও সম্পদ থাকবে; তার সততা চিরকাল স্থায়ী। 112:4 যে অন্তরে খাঁটি তার জন্য অন্ধকারেও আলো দেখা দেয়, কারণ সে দয়ালু, মমতায় পূর্ণ ও সৎ। 112:5 যে দয়া করে ও ধার দেয় আর ন্যায়ভাবে সব কাজ করে তার উন্নতি হয়। 112:6 সে সব সময় স্থির থাকবে; আল্লাহ্‌ভক্ত লোককে মানুষ চিরকাল মনে রাখবে। 112:7 দুঃসংবাদেও সে ভয় পাবে না; তার অন্তর স্থির আর সে মাবুদের উপর ভরসা করে। 112:8 তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না; শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে। 112:9 সে খোলা হাতে গরীবদের দান করেছে; তার সততা চিরকাল স্থায়ী, তার শক্তি ও সম্মান বৃদ্ধি পাবে। 112:10 দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে; সে দাঁতে দাঁত ঘষবে ও শেষ হয়ে যাবে। দুষ্টদের আশা-ভরসা নিষ্ফল হবে।