Library · bn

Psalms 114

114:1 ইসরাইল জাতি যখন মিসর থেকে বের হয়ে আসল, ভিন্ন ভাষায় কথা বলা লোকদের মধ্য থেকে ইয়াকুবের বংশ যখন বের হয়ে আসল, 114:2 তখন এহুদা হল আল্লাহ্‌র পবিত্র স্থান, ইসরাইল হল তাঁর রাজ্য। 114:3 তা দেখে লোহিত সাগর পালিয়ে গেল, জর্ডান নদী উজানে বইল, 114:4 আর বড় বড় পাহাড় ভেড়ার মত, ছোট ছোট পাহাড় ভেড়ার বাচ্চার মত লাফাতে লাগল। 114:5 ওহে সাগর, কি হল তোমার? কেন তুমি পালিয়ে গেলে? ওহে জর্ডান, কেন তুমি উজানে বইলে? 114:6 ওহে বড় বড় পাহাড়, কেন তোমরা ভেড়ার মত লাফাতে লাগলে? ওহে ছোট ছোট পাহাড়, কেন লাফাতে লাগলে ভেড়ার বাচ্চার মত? 114:7 হে দুনিয়া, ইয়াকুবের আল্লাহ্‌ মালিকের সামনে কেঁপে ওঠো। 114:8 তিনি পাথুরে পাহাড়কে করলেন পুকুর আর শক্ত পাথরকে করলেন পানির ঝর্ণা।