Library · bn

Psalms 14

14:1 যাদের মন অসাড় তারা ভাবে আল্লাহ্‌ বলে কেউ নেই। তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য; ভাল কাজ করে এমন কেউ নেই। 14:2 মাবুদ বেহেশত থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন, দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা, দেখতে চাইলেন কেউ আল্লাহ্‌র ইচ্ছামত কাজ করে কিনা। 14:3 তিনি দেখলেন, সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসংগে খারাপ হয়ে গেছে; ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই। 14:4 যারা খারাপ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ? লোকে যেমন করে খাবার খায় তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে; তারা মাবুদকে ডাকে না। 14:5 আল্লাহ্‌ তাঁর ভক্তদের সংগে আছেন, তাই ঐ সব লোকেরা ভীষণ ভয়ের মধ্যে থাকবে। 14:6 তোমরা যারা খারাপ কাজ করছ, তোমরা দুঃখীদের কাজ নষ্ট করে তাদের লজ্জায় ফেলছ, কিন্তু মাবুদই তাদের আশ্রয়। 14:7 বনি-ইসরাইলদের উদ্ধার সিয়োনের মধ্য থেকে আসুক; মাবুদ যখন তাঁর বান্দাদের অবস্থা ফিরাবেন তখন ইয়াকুবের বংশ আনন্দ করবে- বনি-ইসরাইলরা খুশী হবে।