Psalms 147
147:1 আলহামদুলিল্লাহ্! আমাদের আল্লাহ্র প্রশংসা-কাওয়ালী গাওয়া কত ভাল! তা কি সুন্দর! তাঁর প্রশংসা করা কত উপযুক্ত!
147:2 মাবুদই জেরুজালেমকে গড়ে তোলেন; দূর করে দেওয়া বনি-ইসরাইলদের তিনিই জমায়েত করেন।
147:3 যাদের মন ভেংগে গেছে তিনি তাদের সুস্থ করেন; তাদের সব আঘাত তিনিই বেঁধে দেন।
147:4 তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন, তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।
147:5 আমাদের মালিক মহান, তাঁর কুদরত প্রচুর; তাঁর জ্ঞান বুদ্ধির সীমা নেই।
147:6 মাবুদ নম্র লোকদের ধরে রাখেন, কিন্তু দুষ্ট লোকদের মাটিতে ফেলে দেন।
147:7 তোমরা মাবুদের উদ্দেশে শুকরিয়ার কাওয়ালী গাও; বীণা বাজিয়ে আমাদের আল্লাহ্র উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাও।
147:8 তিনি আকাশ মেঘে ঢাকেন; তিনি দুনিয়ার জন্য বৃষ্টির ব্যবস্থা করেন আর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন।
147:9 পশুদের খাবার তিনিই যুগিয়ে দেন; দাঁড়কাকের বাচ্চারা যখন ডাকে তখন তিনিই তাদের খাবার দেন।
147:10 ঘোড়ার শক্তিতে তিনি সন্তুষ্ট হন না, যোদ্ধার পায়ের শক্তিতেও তাঁর আনন্দ নেই;
147:11 কিন্তু যারা তাঁকে ভয় করে আর তাঁর অটল মহব্বতের উপর আশা রাখে, তাদের নিয়েই মাবুদের যত আনন্দ।
147:12 হে জেরুজালেম, মাবুদের গুণগান কর; হে সিয়োন, তোমার আল্লাহ্র প্রশংসা কর।
147:13 তিনিই তো তোমার দরজাগুলোর আগল শক্ত করেছেন, তোমার মধ্যে বাসকারী লোকদের দোয়া করেছেন।
147:14 তোমার সীমানাগুলোতে তিনিই শান্তি রাখেন, আর সবচেয়ে ভাল গম দিয়ে তোমাকে তৃপ্ত করেন।
147:15 তিনি দুনিয়াতে তাঁর হুকুম পাঠান; খুব তাড়াতাড়ি তা পালন করা হয়।
147:16 তিনি ভেড়ার লোমের মত তুষার পাঠান আর ছাইয়ের মত শিশির ছড়ান।
147:17 তিনি রুটির টুকরার মত করে শিলা ফেলেন; তাঁর দেওয়া শীত কে সহ্য করতে পারে?
147:18 তাঁর কালাম পাঠিয়ে তিনি শিলা গলিয়ে ফেলেন; তাঁর বাতাস বহালে পানি বয়ে যায়।
147:19 ইয়াকুবের উপরে তিনি তাঁর কালাম নাজেল করেছেন, ইসরাইলের কাছে প্রকাশ করেছেন তাঁর নিয়ম ও শরীয়ত।
147:20 অন্য কোন জাতির জন্য তিনি তা করেন নি; তাঁর শরীয়ত তারা জানে না। আলহামদুলিল্লাহ্!