Psalms 17
17:1 হে মাবুদ, তুমি ন্যায় কথা শোন, আমার ফরিয়াদে কান দাও; আমার ছলনাহীন মুখের মুনাজাত শোন।
17:2 আমার উপর তোমার বিচার যেন ন্যায্য হয়; যা সত্যি তা তোমার চোখে ধরা পড়ুক।
17:3 তুমি তো আমার অন্তরে ঢুকে দেখেছ আর রাতে আমাকে পরীক্ষা করেছ; আমাকে যাচাই করেও দেখেছ কিন্তু কিছুই খুঁজে পাও নি। আমি ঠিক করেছি কোন গুনাহের কথায় আমার মুখ আমি ব্যবহার করব না।
17:4 মানুষ যে সব কাজ করে তা না করে তোমার মুখের কালামের সাহায্যে জুলুমের পথ থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি।
17:5 তোমার পথেই আমি আমার পা স্থির রেখেছি; সেখান থেকে আমার পা একটুও নড়ে নি।
17:6 হে আল্লাহ্, তুমি আমার ডাকে সাড়া দেবে, সেজন্য আমি তোমাকে ডাকছি; আমার কথায় কান দাও, আমার মুনাজাত শোন।
17:7 তোমার অটল মহব্বত আশ্চর্যভাবে প্রকাশ কর; শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য যারা তোমার আশ্রয় নেয়, তুমি ডান হাত দিয়ে তাদের রক্ষা করে থাক।
17:8 চোখের মণির মত করে তুমি আমাকে রক্ষা কর; যারা আমার উপর জুলুম করে সেই দুষ্টদের থেকে, যারা মেরে ফেলার জন্য আমাকে ঘিরে রয়েছে সেই শত্রুদের থেকে, তুমি আমাকে তোমার ডানার ছায়ায় রাখ।
17:10 তাদের অসাড় দিলের দুয়ার তারা বন্ধ করে রেখেছে; তাদের মুখ দিয়ে অহংকারের কথাই বের হয়।
17:11 তারা এখন আমাদের ঘিরে ফেলেছে, আমাদের কোথাও যাবার পথ নেই। তারা আমাদের উপর কড়া নজর রেখেছে যাতে মাটিতে আমাদের ফেলে দিতে পারে।
17:12 তারা সিংহের মত শিকারের নেশায় পাগল, যেন আড়ালে ওৎ পেতে থাকা যুব সিংহ।
17:13 হে মাবুদ, তুমি ওঠো, ওদের রুখে দাঁড়াও, ওদের মাটিতে ফেলে দাও। তোমার তলোয়ার দিয়ে দুষ্টের হাত থেকে আমাকে উদ্ধার কর।
17:14 হে মাবুদ, ঐ লোকদের হাত থেকে, দুনিয়ার মানুষের হাত থেকে, তুমি নিজের হাতে আমার প্রাণ বাঁচাও। তাদের এই সব পুরস্কার এই দুনিয়াতেই রয়েছে- তোমার ধন-সম্পদে তাদের পেট ভরে, তাদের সন্তানের সংখ্যা অনেক হয়, সন্তানদের জন্য তারা তাদের ধন-সম্পদ রেখে যায়।
17:15 কিন্তু আমি যেন নির্দোষ হয়ে তোমার সামনে থাকতে পারি, যাতে মৃত্যু থেকে জেগে উঠে তোমাকে দেখে আমি আনন্দ পাই।