Library · bn

Psalms 18

18:1 হে মাবুদ, তুমিই আমার শক্তি, আমি তোমাকে মহব্বত করি। 18:2 মাবুদই আমার উঁচু পাহাড়, আমার কেল্লা ও আমার মুক্তিদাতা; আমার আল্লাহ্‌ আমার উঁচু পাহাড়, তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই। তিনিই আমার ঢাল, আমার রক্ষাকারী শিং, আমার উঁচু আশ্রয়-স্থান। 18:3 মাবুদ প্রশংসার যোগ্য, আমি তাঁকে ডাকি; তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই। 18:4 মৃত্যুর দড়িতে আমি বাঁধা পড়েছিলাম, ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম। 18:5 কবরের দড়িতে আমি বাঁধা পড়েছিলাম, আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ। 18:6 আমি এই বিপদে আমার মাবুদ আল্লাহ্‌কে ডাকলাম এবং সাহায্যের জন্য তাঁর কাছে ফরিয়াদ জানালাম। তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার আওয়াজ শুনলেন; আমার ফরিয়াদ তাঁর কাছে পৌঁছাল আর তাঁর কানে গেল। 18:7 তখন দুনিয়া কেঁপে উঠল আর টলতে লাগল, কেঁপে উঠল সব পাহাড়ের ভিত্তি; তাঁর রাগে সেগুলো কাঁপতে থাকল। 18:8 তাঁর নাক থেকে ধোঁয়া উপরে উঠল, তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল, তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল। 18:9 তিনি আকাশে নুইয়ে নেমে আসলেন; তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ। 18:10 তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন, উড়ে আসলেন বাতাসের ডানায় ভর করে। 18:11 তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন; তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ। 18:12 তাঁর আলোময় উপস্থিতির সামনে কালো মেঘ সরে গেল; শিলাবৃষ্টি আর বাজ বের হয়ে আসল। 18:13 মাবুদ আকাশে গর্জন করলেন; বাজ ও শিলাবৃষ্টির মধ্যে আল্লাহ্‌তা’লার গলার আওয়াজ শোনা গেল। 18:14 তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন, আর বিদ্যুৎ চম্‌কিয়ে তাদের বিশৃঙ্খল করলেন। 18:15 হে মাবুদ, তোমার ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্‌টায় মাটির তলার পানি দেখা দিল, দুনিয়ার ভিতরটা বেরিয়ে পড়ল। 18:16 তিনি উপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন, গভীর পানির মধ্য থেকে আমাকে টেনে তুললেন। 18:17 আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন; বাঁচালেন বিপক্ষদের হাত থেকে যাদের শক্তি আমার চেয়েও বেশী। 18:18 বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মাবুদই আমাকে ধরে রাখলেন। 18:19 তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন; আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেই তিনি আমাকে উদ্ধার করলেন। 18:20 আমার ন্যায় কাজ অনুসারেই মাবুদ আমাকে দান করলেন, আমার কাজের পবিত্রতা অনুসারে পুরস্কার দিলেন; 18:21 কারণ মাবুদের পথেই আমি চলফেরা করেছি; খারাপ কাজ করে আমার আল্লাহ্‌র কাছ থেকে সরে যাই নি। 18:22 তাঁর সমস্ত শরীয়ত আমার সামনে রয়েছে; তাঁর নিয়ম থেকে আমি সরে যাই নি। 18:23 তাঁর সামনে আমি নির্দোষ ছিলাম; আমি গুনাহ্‌ থেকে দূরে থেকেছি। 18:24 তাই মাবুদ আমাকে পুরস্কার দিয়েছেন তাঁর চোখে আমার ন্যায় কাজ অনুসারে, আমার কাজের পবিত্রতা অনুসারে। 18:25 হে মাবুদ, তুমি বিশ্বস্তদের সংগে বিশ্বস্ত ব্যবহার কর, নির্দোষীদের সংগে কর নির্দোষ ব্যবহার, 18:26 খাঁটিদের সংগে কর খাঁটি ব্যবহার, আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল। 18:27 তুমি দুঃখীদের রক্ষা করে থাক আর অহংকারীদের নীচে নামাও। 18:28 তুমিই আমার জীবন-বাতি জ্বালিয়ে রাখ; আমার মাবুদ আল্লাহ্‌ আমার অন্ধকারকে আলো করেন। 18:29 তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি, আর আমার আল্লাহ্‌র সাহায্যে লাফ দিয়ে দেয়াল পার হতে পারি। 18:30 আল্লাহ্‌র পথে কোন খুঁত নেই; মাবুদের কালাম খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল। 18:31 একমাত্র আল্লাহ্‌ ছাড়া আর মাবুদ কে? আমাদের আল্লাহ্‌ ছাড়া আর কি কেউ আশ্রয়-পাহাড় আছে? 18:32 আল্লাহ্‌ আমার কোমরে শক্তি দিয়েছেন আর নিখুঁত করেছেন আমার চলার পথ। 18:33 তিনি আমাকে হরিণীর মত করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন; উঁচু উঁচু জায়গায় তিনিই আমাকে দাঁড় করিয়েছেন। 18:34 তাঁর কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে, তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে। 18:35 হে মাবুদ, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ, তোমার ডান হাত আমাকে ধরে আছে; তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ। 18:36 তুমি আমার চলার পথ চওড়া করেছ, তাই আমার পায়ে উচোট লাগে নি। 18:37 আমার শত্রুদের তাড়া করে আমি ধরে ফেলেছি; তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছন ফিরি নি। 18:38 আমি তাদের চুরমার করে দিয়েছি, যাতে তারা আর উঠতে না পারে; তারা আমার পায়ের তলায় পড়েছে। 18:39 তুমিই আমার কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ, আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ। 18:40 আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ; যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি। 18:41 তারা সাহায্যের জন্য চিৎকার করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি। তারা মাবুদের কাছে চিৎকার করেছে, কিন্তু তিনিও তাদের জবাব দেন নি। 18:42 বাতাসে বয়ে নিয়ে যাওয়া ধুলার মত আমি তাদের গুঁড়া করেছি, রাস্তার কাদা-মাটির মত করে তাদের ফেলে দিয়েছি। 18:43 হে মাবুদ, লোকদের বিদ্রোহ থেকে তুমি আমাকে উদ্ধার করেছ, অন্য জাতিদের উপরে আমাকে কর্তা করেছ; আমি যাদের চিনতাম না তারাও আমার অধীন হয়েছে। 18:44 আমার কথা শুনলেই তারা আমার অধীনতা স্বীকার করে; বিরুদ্ধ মনোভাব নিয়ে বিদেশীরা আমার বাধ্য হয়। 18:45 তারা নিরাশ হয়ে পড়ে; তারা কাঁপতে কাঁপতে কেল্লা থেকে বের হয়। 18:46 মাবুদ জীবন্ত। আমার আশ্রয়-পাহাড়ের প্রশংসা হোক। আমার উদ্ধারকর্তা আল্লাহ্‌র সম্মান বৃদ্ধি হোক। 18:47 তিনিই অন্য জাতিদের আমার অধীনে আনেন আর আমার হয়ে তাদের পাওনা শাস্তি দেন। 18:48 তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন। হে আল্লাহ্‌, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ, জুলুমবাজ লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করেছ। 18:49 হে মাবুদ, এইজন্য অন্য জাতিদের মধ্যে আমি তোমার প্রশংসা করব আর তোমার সুনাম গাইব। 18:50 মাবুদ তাঁর বাদশাহ্‌কে অনেকবার মহাজয় দান করেন; হ্যাঁ, তাঁর অভিষেক-করা বান্দার প্রতি, দাউদ ও তাঁর বংশধরদের প্রতি, তিনি চিরকাল তাঁর অটল মহব্বত দেখান।