Psalms 19
19:1 আসমান আল্লাহ্র মহিমা ঘোষণা করছে, আর আকাশ তুলে ধরছে তাঁর হাতের কাজ।
19:2 দিনের পর দিন তাদের ভিতর থেকে বাণী বেরিয়ে আসে, আর রাতের পর রাত তারা ঘোষণা করে জ্ঞান।
19:3 কিন্তু তাতে কোন শব্দ নেই, কোন ভাষা নেই, তাদের আওয়াজও কানে শোনা যায় না;
19:4 তবুও তাদের ডাক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে; তাদের কথা ছড়িয়ে পড়ছে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত। আসমানে সূর্যের জন্য তিনি একটা তাম্বু খাটিয়েছেন;
19:5 সে বরের মত করে বাসর-ঘর থেকে বেরিয়ে আসে, নির্দিষ্ট পথে দৌড়াবে বলে খেলোয়াড়-বীরের মত খুশী হয়ে ওঠে;
19:6 সে আসমানের এক দিক থেকে ওঠে আর ঘুরে অন্য দিকে যায়; তার তাপ থেকে কিছুই রেহাই পায় না।
19:7 মাবুদের নির্দেশে কোন খুঁত নেই, তা মানুষকে জাগিয়ে তোলে। মাবুদের কালাম নির্ভরযোগ্য, তা সরলমনা লোককে জ্ঞান দেয়।
19:8 মাবুদের সমস্ত নিয়ম সোজা পথে চালায় আর অন্তরে দেয় আনন্দ। মাবুদের হুকুম খাঁটি, তা দিলকে সতেজ করে।
19:9 মাবুদের প্রতি যে ভয়, তা পবিত্রতায় ভরা আর চিরকাল স্থায়ী। মাবুদের শরীয়ত সত্য, তাতে অন্যায় কিছু নেই।
19:10 তা সোনার চেয়ে, প্রচুর খাঁটি সোনার চেয়েও বেশী কামনা করার মত জিনিস। তা মধুর চেয়ে মিষ্টি, মৌচাকের ঝরা মধুর চেয়েও মিষ্টি।
19:11 তা তোমার গোলামকে সাবধান করে, আর তা পালন করলে মহালাভ হয়।
19:12 নিজের ভুল কে বোঝে? আমার অজানা দোষ তুমি মাফ কর।
19:13 জেন্তেশুনে অহংকারের বশে করা গুনাহ্ থেকে তোমার গোলামকে তুমি দূরে রাখ; তা যেন আমার উপর রাজত্ব না করে। তাহলেই আমি নিখুঁত হতে পারব, মুক্ত থাকব আল্লাহ্র প্রতি ভীষণ বিদ্রোহের দায় থেকে।
19:14 হে মাবুদ, আমার আশ্রয়-পাহাড়, আমার মুক্তিদাতা, আমার মুখের কথা ও আমার দিলের চিন্তা তোমাকে যেন খুশী করে।