Library · bn

Psalms 3

3:1 হে মাবুদ, দেখ, আমার শত্রুর সংখ্যা কত। দেখ, আমার বিরুদ্ধে কত লোক দাঁড়িয়েছে। 3:2 অনেকে আমার সম্বন্ধে বলছে, “আল্লাহ্‌ তাকে উদ্ধার করবেন না।” [সেলা] 3:3 কিন্তু হে মাবুদ, তুমি আমার চারপাশে ঢাল হয়ে আছ। তুমিই আমার গৌরব; আমার নীচু মাথা তুমিই উঁচু করেছ। 3:4 আমি চিৎকার করে মাবুদকে ডাকি, আর তিনি আমাকে তাঁর পবিত্র পাহাড় থেকে জবাব দেন। [সেলা] 3:5 আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম, আবার জেগে উঠলাম, কারণ মাবুদই আমাকে ধরে রাখেন। 3:6 আমার বিরুদ্ধে আমার চারপাশে হাজার হাজার লোক উঠে দাঁড়িয়েছে, কিন্তু আমি তাদের ভয় করি না। 3:7 হে মাবুদ, এস; হে আমার আল্লাহ্‌, আমাকে উদ্ধার কর। তুমি আমার শত্রুদের চোয়ালে আঘাত করে সেই দুষ্ট লোকদের দাঁত ভেংগে দিয়েছ। 3:8 উদ্ধার করা মাবুদেরই কাজ। তোমার নিজের বান্দাদের উপর তোমার দোয়া নেমে আসুক। [সেলা]