Psalms 4
4:1 হে আমার আল্লাহ্, আমি যে তোমার ইচ্ছামত চলছি তা তুমি দেখিয়ে দিচ্ছ; আমি যখন তোমাকে ডাকব তখন তুমি আমার ডাকে সাড়া দিয়ো। বিপদ আমাকে চেপে ধরেছে, কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছ। আমার প্রতি রহমত কর, আমার মুনাজাত শোন।
4:2 হে মানুষ, আর কতকাল তোমরা আমার সম্মানকে অসম্মান করবে? আর কতকাল তোমরা মিথ্যাকে ভালবাসবে আর অসত্যের পিছনে দৌড়াবে? [সেলা]
4:3 তোমরা জেনে রেখো, মাবুদ তাঁর ভক্তদের তাঁর নিজের জন্য আলাদা করেছেন; আমি ডাকলে তিনি শুনবেন।
4:4 তোমরা উত্তেজিত হয়ে গুনাহ্ কোরো না। বিছানায় শুয়ে তোমাদের অন্তর খুঁজে দেখো আর চুপ করে থেকো। [সেলা]
4:5 যোগ্য মনোভাব নিয়ে তোমরা কোরবানী দিয়ো, আর মাবুদের উপর ভরসা কোরো।
4:6 অনেকে বলে, “কে আমাদের ভাল করতে পারে?” হে মাবুদ, তোমার দয়ার দৃষ্টি আলোর মত করে আমাদের উপর পড়ুক।
4:7 প্রচুর ফসল ও নতুন আংগুর-রস উঠলে লোকদের যেমন আনন্দ হয়, তার চেয়েও বেশী আনন্দ দিয়ে তুমি আমার অন্তর ভরে রেখেছ।
4:8 হে মাবুদ, তুমিই আমাকে নির্ভয়ে রাখছ, তাই আমি শুয়ে শান্তিতে ঘুমাব।