Psalms 35
35:1 হে মাবুদ, যারা আমার বিপক্ষে তুমিও তাদের বিপক্ষে থাক; যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করে তুমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ কর।
35:2 ছোট-বড় দু’খানা ঢালই তুমি তুলে নাও আর আমার সাহায্যের জন্য এসে দাঁড়াও।
35:3 আমার পিছনে যারা তাড়া করে আসছে, বর্শা নিয়ে তাদের আসার পথ তুমি বন্ধ করে দাও। আমাকে বল, “আমিই তোমার উদ্ধার।”
35:4 যারা আমাকে হত্যা করতে চাইছে তারা লজ্জা ও অসম্মানে পড়ুক; যারা আমার সর্বনাশের ষড়যন্ত্র করছে তারা অপমানিত হয়ে ফিরে যাক।
35:5 তারা বাতাসের মুখে তুষের মত উড়ে যাক; হ্যাঁ, মাবুদের ফেরেশতা তাদের তাড়িয়ে দিন।
35:6 তাদের পথ অন্ধকার ও পিছলা হোক; হ্যাঁ, মাবুদের ফেরেশতা তাদের তাড়া করুন।
35:7 তারা অকারণে আমার জন্য গর্তের উপর গোপনে জাল পেতেছে, বিনা কারণে আমার জন্য গর্ত খুঁড়েছে।
35:8 তাই হঠাৎ তাদের উপর সর্বনাশ নেমে আসুক; তাদের গোপন জালে তারাই ধরা পড়ুক, সেই সর্বনাশে তারাই পড়ুক।
35:9 তখন মাবুদকে নিয়ে আমি আনন্দিত হব; তাঁর দেওয়া উদ্ধারে আমি আনন্দ করব।
35:10 আমার সমস্ত শরীর তখন বলবে, “হে মাবুদ, আর কে আছে তোমার মত? তুমিই তো দুঃখীদের উদ্ধার করে থাক তাদের শত্রুদের হাত থেকে যারা তাদের চেয়ে শক্তিশালী; যারা লুটপাট করে তাদের হাত থেকে তুমি দুঃখী ও অভাবীদের উদ্ধার করে থাক।”
35:11 জুলুমবাজেরা মিথ্যা সাক্ষ্য দিতে এগিয়ে আসছে, আর আমি যা জানি না সেই বিষয়ে আমাকে জেরা করছে।
35:12 উপকারের বদলে তারা আমার ক্ষতি করছে; হায়, কি দুর্ভাগা আমি!
35:13 তবুও তাদের অসুস্থতার সময় আমি চট পরেছি, রোজা রেখে নিজেকে ভেংগে চুরমার করেছি; কিন্তু আমার মুনাজাত আমার কাছেই ফিরে এসেছে।
35:14 ভাই ও বন্ধু-হারার মত আমি তাদের জন্য শোক প্রকাশ করেছি; শোক প্রকাশের সময় মা-হারার মত মাথা নীচু করেছি।
35:15 কিন্তু আমি যখন উচোট খেলাম তখন তারা খুশী হয়ে একজোট হল। সেই সব আক্রমণকারীরা আমার অজান্তে আমার বিরুদ্ধে একজোট হল। তারা আমাকে অনবরত গালাগালি করতে লাগল।
35:16 উৎসবের সময়ে আল্লাহ্র প্রতি ভয়হীন ঠাট্টাকারীদের মত আমার বিরুদ্ধে তারা দাঁতে দাঁত ঘষতে লাগল।
35:17 হে মালিক, আর কতকাল তুমি এ সব দেখবে? তাদের জুলুম থেকে আমাকে রক্ষা কর; এই সব সিংহদের হাত থেকে আমার বহুমূল্য জীবন বাঁচাও।
35:18 বিরাট মাহ্ফিলের মধ্যে আমি তোমার শুকরিয়া আদায় করব আর অসংখ্য লোকের মধ্যে তোমার গুণগান করব।
35:19 মিথ্যা কারণে যারা আমার শত্রু হয়েছে তুমি আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না; অকারণে যারা আমাকে ঘৃণা করে আমার বিরুদ্ধে তাদের চোখ টেপাটিপি করতে দিয়ো না।
35:20 তাদের কথাগুলো শান্তির দিকে নয়; দেশে যারা শান্তিতে বাস করছে তাদের বিরুদ্ধে তারা ছলনা-ভরা মতলব করে।
35:21 আমার বিরুদ্ধে তারা মুখ ভেংগিয়ে বলেছে, “হ্যাঁ, হ্যাঁ, আমরা নিজের চোখেই দেখেছি।”
35:22 হে মাবুদ, তুমি এ সব দেখেছ, তুমি চুপ করে থেকো না; হে মালিক, তুমি আমার কাছে কাছে থাক।
35:23 আল্লাহ্ আমার, মালিক আমার, তুমি জেগে ওঠো, আমার পক্ষ নাও, আমার পক্ষ হয়ে কথা বল।
35:24 হে আল্লাহ্, আমার মাবুদ, তোমার ন্যায়ে আমার বিচার কর; আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না।
35:25 মনে মনে তাদের বলতে দিয়ো না, “শাবাশ! শাবাশ! যা আমরা চেয়েছিলাম তা-ই হয়েছে।” তাদের বলতে দিয়ো না, “আমরা ওকে শেষ করে দিয়েছি।”
35:26 আমার বিপদ দেখে যারা আনন্দ করে তারা সবাই লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার উপরে নিজেদের তুলে ধরে তারা লজ্জা আর অপমানে ঢাকা পড়ুক।
35:27 আমি ন্যায়পথে চলেছি, এ কথা যারা শুনতে ভালবাসে তারা খুশী হয়ে চিৎকার করুক আর আনন্দ করুক। তারা সব সময় বলুক, “আলহামদুলিল্লাহ্; তাঁর গোলামের উন্নতি হলে তিনি খুশী হন।”
35:28 আমি জিভ্ দিয়ে তোমার ন্যায়বিচারের কথা বলব, আর সারা দিন তোমার গুণগান করতে থাকব।